14 জুলাই, 2009 - প্রকাশের সময় 15:17 GMT
লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট, চার্লস টেইলর দ্য হেগের আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় তাঁর বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের সব অভিযোগ অস্বীকার করেছেন৻
এটিকে বলা হচ্ছে একটা ঐতিহাসিক মুহুর্ত ৻ কারণ এই প্রথম কোনো আফ্রিকান রাষ্ট্রপ্রধান মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগের জবাব দিতে আদালতে দাঁড়ালেন৻
চার্লস টেলর এবং সিয়েরালিওনের ফোদে সাংকো উভয়েই লিবিয়ায় প্রশিক্ষণ নেন, এবং প্রায় একই সময় তারা নিজ নিজ দেশে বিদ্রোহী তৎপরতা শুরু করেন৻ লাইরেবিয়ায় মিঃ টেলর সাফল্য পান, আর মিঃ সাংকো সিয়েরালিওনে ক্ষমতা দখলের কাছাকাছি চলে এসেছিলেন৻
সাংকোর বাহিনীর বিরুদ্ধে তাদের বিরোধীদের ওপর ব্যাপক নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে এবং জাতিসংঘ আর ব্রিটিশ বাহিনীর হস্তক্ষেপেই শেষ পর্য়ন্ত মিঃ সাংকোর বাহিনীকে দমন করা সম্ভব হয়৻
দি হেগের আদালতে বাদী পক্ষ যে অভিযোগগুলো তুলেছে, তাতে বলা হয়েছে যে চার্লস টেলর লাইবেরিয়ার ওই বিদ্রোহী গ্রুপগুলোকে অস্ত্রসজ্জিত করেছিলেন এবং তাদের পরিচালনা করেছিলেন৻ রাষ্ট্রপক্ষ তাকে খুনি এবং ধর্ষণকারী হিসেবে বর্ণনা করে৻
বিবিসির এডাম মাইনট জানাচ্ছেন, তার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তোলা হয়েছে, যারা মধ্যে রয়েছে হত্যা, ধর্ষণ, হাত-পা কেটে দেয়া এবং সন্ত্রাসবাদ৻
বাদীপক্ষ বলছে যে মিঃ টেলর লাইবেরিয়ার প্রেসিডেন্ট থাকার সময় প্রতিবেশী সিয়েরালিওনের হীরার খনিগুলো নিয়ন্ত্রণ দখল করার লক্ষ্য নিয়ে তিনি সেখানকার বিদ্রোহীদের সামরিক সহযোগিতা দিয়েছিলেন৻
তবে চার্লস টেলর এই সব অভিযোগই প্রত্যাখ্যান করেছেন৻ তিনি বলেন সিয়েরালিওনে যে ওই সব অপরাধ সংঘটিত হচ্ছে তার সম্পর্কে তিনি সচেতন ছিলেন, কিন্তু এতে তার নিজের কোনো ভুমিকা ছিল না৻
চার্লস টেলর এখানে বলছেন, এটা অবিশ্বাস্য যে কেউ আমার সম্পর্কে এমনভাবে বর্ণনা দিতে পারে বা রাষ্ট্রপক্ষ ভুল তথ্য, মিথ্যা বা গুজবের কারণে এমন সব অভিধায় আমাকে ভুষিত করতে পারে৻
আমি এগুলোর কোনটাই নই, কখনো ছিলাম না, বা কখনো হবো না – তারা যাই মনে করুক না কেন৻ আমার মানবতার প্রতি ভালোবাসা আছে৻ আমি সারাজীবন ন্যায়বিচার এবং সাম্যের স্বার্থে যা করা সঠিক বলে মনে করেছি তা করেছি৻ আমাকে যেভাবে চিত্রিত করা হয়েছে তাতে আমি মর্মাহত৻ এটা মিথ্যা এবং বিদ্বেষপূর্ণ৻
সিয়েরা লিওন এবং লাইবেরিয়া উভয়েরই অর্থনীতি তাদের খনিজ এবং কুষি সম্পদ রপ্তানির ওপর নির্ভরশীল৻ সিয়েরালিওন রপ্তানি করে হীরা আর লাইবেরিয়া করে রাবার আর কাঠ৻
এই বিদ্রোহীদের শুধু অস্ত্র সাহায্য নয় , মিঃ টেলরের বিরুদ্ধে সিয়েরারিওনের হীরা চোরাচালানের অভিযোগও তোলা হয়েছে৻ তিনি অবশ্য বলছেন যে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা৻
তার আইনজীবী কোর্টনে গ্রিফিথ বলছেন, সিয়েরালিওনের অপরাধের সাথে মিঃ টেলরকে সম্পকিত করার মতো যথেষ্ট প্রমাণ বাদীপক্ষের কাছে নেই ৻
মিঃ গ্রিফিথ বলেন, প্রশ্নটা এটা নয় যে সিয়েরা লিওনে ওই সব অপরাধের ঘটনা ঘটেছিল কিনা৻ আমরা সব সময়েই তা স্বীকার করেছি৻ প্রশ্ন হচ্ছে যে এর সঙ্গে আপনি চার্লস টেলরকে কিভাবে সম্পর্কিত করেন৻ আমরা বলছি যে এ ধরণের কোনো সাক্ষ্যপ্রমাণ এই মামলায় নেই৻
চার্লস টেলর কয়েক মাস ধরে তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলো শুনেছেন৻ এখন তিনি তার নিজের বক্তব্য উপস্থাপন শুরু করেছেন এবং এটা শেষ হতে কয়েক সপ্তাহ লাগবে বলে মনে করা হচ্ছে৻