13 জুলাই, 2009 - প্রকাশের সময় 16:28 GMT
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা গত বছরের খাদ্য সংকট গভীরতর করার জন্য কিছু কিছু দেশের পদক্ষেপকে দায়ী করেছে৻
খাদ্য ও কৃষি সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা আলেক্সান্ডার স্যারিস বলেছেন, ভারত ও থাইল্যান্ড গত বছর যখন চাল রফতানীর ওপর নিষেধাজ্ঞা দেয় তখন খাদ্য সংকট আরও খারাপের দিকে মোড় নেয়৻
এর পাশাপাশি ফিলিপাইনের পদক্ষেপও খাদ্য সংকট গভীরতর করে৻ ফিলিপাইন বিদেশ থেকে চাল আমদানী করে মওজুদ করতে শুরু করে৻
এর ফলে বিশ্ব বাজারে খাদ্যের দাম বাড়তে থাকে, এবং তা রেকর্ড পর্যায়ে পৌঁছে৻
আলেক্সান্ডার স্যারিস বলেন, ভারত ও থাইল্যান্ডের রফতানী বন্ধের সিদ্ধান্তে বিশ্ব বাজারে আতংক সৃষ্টি হয়েছিল৻
তিনি বলেন, খাদ্য ঘাটতির কারণেই যে খাদ্যের দাম অতটা বেড়েছিল তা বলা যাবে না৻
বিভিন্ন দেশ যারা মূলত চালের ওপর নির্ভর করে সেসব দেশের চাল মওজুদ রাখার প্রবণতার কারণেই মূলত এটা হয়েছিল৻
এরকম পরিস্থিতিতে সবাই নিজেকে সুরক্ষিত রাখতে চায় আর মওজুদ রাখার প্রবণতা ক্রমশ বাড়তে থাকে৻
উল্লেখ্য ভারত সে সময় বলেছিল, দেশের বাজারকে স্থিতিশীল রাখতে এবং খাদ্যের সরবরাহ অবিচ্ছিন্ন রাখতেই তারা রফতানী বন্ধ করেছে৻