|
গাজায় ইসরায়েলি হামলায় ৪০ নিহত
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
গাজা ভূখন্ডে একটি জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে ফিলিস্তিনী সূত্রগুলো জানিয়েছে৻
ইসরায়েলের সামরিক অভিযানের ১১ তম দিনে উত্তর গাজার জাবালিয়া এলাকায় এই ঘটনা ঘটলো৻ লড়াই থেকে বাঁচতে অনেক মানুষ এই স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছিল৻ ফিলিস্তিনীরা বলছে, অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ছয়শো লোক নিহত হয়েছে৻ আন্তর্জাতিক রেডক্রস গাজার বর্তমান পরিস্থিতিকে একটি মারাত্মক পুরো মাত্রার মানবিক বিপর্যয় বলে বর্ণনা করেছে৻ জেনেভায় রেডক্রসের উর্ধ্বতন কর্মকর্তা পিয়েরে ক্রাহেনবুল বলেন, অসামরিক মানুষদের বাঁচাতে সেখানে আরও বেশি কিছু করা দরকার৻ এদিকে গাজা ভূখন্ড জুড়ে জোর লড়াই চলছে, ক্ষণে ক্ষণে বিস্ফোরণ এবং মেশিনগানের শব্দ শোনা যাচ্ছে৻ ইসরায়েলি ট্যাংক দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের কাছে পৌঁছেছে৻ গাজা সিটির আশেপাশেও জোর লড়াই চলছে৻ ইসরায়েলি নৌবাহিনীর গোলায় অনেক হতাহত হয়েছে৻ ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, যতক্ষণ ইসরায়েলের দিকে হামাসের রকেট হামলা চালানোর ক্ষমতা পুরোপুরি ধ্বংস না হবে ততক্ষণ তারা এই অভিযান চালিয়ে যাবেন৻ এদিকে যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাও জোরালো হয়েছে৻ মধ্যপ্রাচ্য সফররত ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বৈরুতে আলোচনা শেষে বলেছেন, তিনি কায়রোতে আবার মিসরের প্রেসিডেন্ট হোসনী মোবারকের সঙ্গে কথা বলবেন এবং এই সংকট নিরসনে মিসরকে বড় ভূমিকা নিতে হবে৻ এর আগে দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের সঙ্গে বৈঠক শেষে মিঃ সারকোজি বলেন, তিনি ইসরায়েলের প্রতি সহিংসতা বন্ধের আহবান জানিয়েছেন৻ নিকোলাস সারকোজি বলেন, তিনি ইসরায়েলকে বলেছেন, গাজার পরিস্থিতির কোন সামরিক সমাধান নেই এবং সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে৻ মিঃ সারকোজি হামাসকে একটি যুদ্ধবিরতির আন্তর্জাতিক প্রচেষ্টায় রাজী করাতে সিরিয়ার সাহায্য চেয়েছেন৻ অন্যদিকে নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কনডোলিজ্জা রাইস ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||