BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 29 ডিসেম্বর, 2008 - প্রকাশের সময় 08:57 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
ভোটের অঙ্ক: নজরকাড়া আসনগুলো
 

 
 
‌এবার ভোটারের হাতেই জবাব
‌এবার ভোটারের হাতেই জবাব
বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচনে নজরকাড়ার মত আসন বেশ কয়েকটি৻

তবে পরিবর্তিত পরিস্থিতিতে কয়েকটি ফ্যাক্টর এবারের ভোটের হিসাব-নিকাশকে বদলে দিয়েছে৻

জাতীয়ভাবে প্রভাব ফেলবে নতুন ও সংশোধিত ভোটার তালিকা, যার একটি বিরাট অংশ প্রথমবারের মত ভোটার এবং বয়সে তরুণ৻ এছাড়াও মহিলা ভোটার যারা সংখ্যায় মোট ভোটারের অর্ধেকেরও বেশি তারাতো নিয়ামক বটেই৻

আর আসনভিত্তিক ভোটের অঙ্কে বড় রকম হের-ফের আনবে ১৯৯৫ সালের পর প্রথমবারের মত ১শ ৩৩টি নির্বাচনী আসনের এলাকা পুনর্বিন্যস্ত হওয়াটা৻

তবে, যেহেতু বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের আধিপত্য প্রায় সব আসনেই, ঐতিহাসিক তথ্য এক্ষেত্রে কিছুটা ইঙ্গিতবাহী৻

নজরকাড়ার আসন

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য থেকে দেখা যায়, ২০০১ সালের জাতীয় নির্বাচনে বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়৻

কিশোরগঞ্জ-১ আসনটি এই তালিকায় শীর্ষে ছিল৻ সেখানে আওয়ামী লীগ প্রার্থী মাত্র ১শ ১৪ ভোটের ব্যবধানে হারান তাঁর প্রতিদ্বন্দী বিএনপি-র প্রার্থীকে৻ তাঁরা উভয়েই ৮৬ হাজারেরও বেশী ভোট পান৻ তবে এবার সেখানে দু্ই দলই ভিন্ন প্রার্থী দিয়েছে৻

অবশ্য ঝিনাইদহ-১ আসনটিতে গতবার মাত্র ০.৩৭%, অর্থাৎ ৩শ ৪৬ ভোট বেশী পেয়ে বিএনপি-র প্রার্থীকে হারান আওয়ামী লীগের প্রার্থী৻ আর এবারও তাঁরা এই আসনটিতে উভয়েই লড়ছেন নিজ নিজ দল থেকে৻

গাজীপুর-৩ আসনটিতে ৩শ ৮৫ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী হারান আওয়ামী লীগের প্রার্থীকে৻ এবার অবশ্য আসনটিতে প্রধান দুই দলেরই নতুন প্রার্থী৻

ঢাকা জেলার আসনগুলোতে বড় ধরণের আসন পুনর্বিন্যাস হওয়াতে ভোটের হিসাবনিকাশ পাল্টে যেতে পারে৻ বেশ কয়েকটি আসনে চোখ রাখার মত৻

গত নির্বাচনে ঢাকা-৮ আসনে মোট ভোটার ছিলো তিন লাখের কাছাকাছি৻ কিন্ত মাত্র ১ হাজার ৯২ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী হারান আওয়ামী লীগের প্রার্থীকে৻ আর এবারকার পুনর্বিন্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল এলাকাগুলো নিয়ে ঢাকা-৮ আসনটিতে মহাজোট ও চারদলীয় জোটের হয়ে দুই যুগের দুই ছাত্র নেতার ভোটযুদ্ধও বেশ জমে উঠতে পারে৻

রাজধানী ঢাকার আরও কয়েকটি আসন নিঃসন্দেহে অনেকের নজর কাড়বে৻ ঢাকা সেনানিবাস যে ঢাকা-১৭ আসনের অংশ, সেখানে প্রধান প্রার্থীরা প্রাক্তন সেনা কর্মকর্তা৻ মহাজোটের হয়ে লড়ছেন সাবেক সামরিক শাসক আর চারদলীয় জোটের প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের এক উপদেষ্টা৻

জোটের ভোটের অঙ্ক

যেসব আসনে প্রধান দলদুটোর বিদ্রোহী এবং জোটের একাধিক প্রর্থী আছে সেসব আসনেও ভোটের হিসেব উল্টে যেতে পারে৻

যেমন ধরা যাক, ফরিদপুর-৩ আসনের কথা৻ সেখানে গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনেই বিএনপির একই প্রার্থী জয়লাভ করেন বড় ব্যবধানে৻

তবে এই আসনে এবার চারদলীয় জোটের প্রার্থী জোটের শরিক জামায়েত-ই-ইসলামের সেক্ট্রেটারি জেনারেল৻ কিন্তু তিন বারের প্রাক্তন ঐ বিএনপি সাংসদ এবারও প্রার্থী, তবে স্বতন্ত্র হিসেবে৻

ফলে চারদলীয় জোটের মোট ভোট ভাগ হওয়ার সম্ভাবনার কারণে এই আসনটির দিকে চোখ থাকবে অনেকের৻

অন্যদিকে, ময়মনসিংহ-৪ আসনে আনুষ্ঠানিকভাবে মহাজোটের প্রার্থী শরিক দল জাতীয় পার্টির এক নেত্রী, যিনি লড়ছেন লাঙ্গল প্রতীক নিয়ে৻

তবে, প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর উচ্চ আদালতের রায় নিয়ে বৈধতা পেয়ে আওয়ামী লীগের আগের বারের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে লড়ছেন৻ এখানে মহাজোটের মোট ভোটে ভাগ হতে পারে৻

এই আসনদুটোর মত সারা দেশের বেশ কয়েকটি আসনের ফলাফলেও ভোটের এই হিসাব প্রভাব ফেলতে পারে৻

তারুণ্যের উদয়, নারী প্রাধান্য

সামষ্টিকভাবে ভোটারদের দুটি অংশ নিঃসন্দেহে নির্বাচনের ফলাফলে সবচেয়ে বড় প্রভাব ফেলবে: একদিকে তরুণ ভোটার, যাদের একটা বড় অংশ এবারই প্রথম তাঁদের রাজনৈতিক মতামত ব্যালটবাক্সে দেবেন, আর অন্যদিকে অর্ধেকের বেশী নারী ভোটার৻

আর একারণেই যেসকল আসনে নবীন-প্রবীণে ভোটযুদ্ধ হবে, সেসব আসনের ফলাফলের দিকে নজর থাকবে অনেকের৻

এমনই একটি আসন ভোলা-২৻ এই আসনে চারদলীয় জোটের হয়ে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী এবারের নির্বাচনের সর্বকনিষ্ঠ প্রার্থী, আর তাঁর বিরুদ্ধে রয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ান এক নেতা৻

নবাগতের সাথে প্রবীণ রাজনীতিকের ভোটযুদ্ধ বৃহত্তর জাতীয় প্রবণতার ইঙ্গিতবাহী হয়ে উঠতে পারে৻ ঢাকা, দিনাজপুরসহ দেশের বেশ কয়েকটি আসনেই দুই প্রজন্মের লড়াই জমে উঠতে পারে৻

আর বাংলাদেশের নারীরা রাজনৈতিক কর্মকান্ডে ক্রমশই কতটা সক্রিয় হয়ে উঠছেন, তার পরিষ্কার প্রমাণ এবারকার নির্বাচনে ৫৮ জন নারী প্রার্থী সরাসরি নির্বাচন করছেন৻

নারী প্রার্থীদের অনেকেই নিজ নিজ এলাকার প্রধান জোটদুটোর প্রধান প্রার্থী৻

এই ধারার পরিষ্কার ইঙ্গিতবাহী একটি আসন ফরিদপুর-৩৻ সেখানে, দু্ই প্রধান জোটের প্রার্থীই নারী হওয়ায়, এই আসনে সরাসরি নির্বাচনে একজন নারীই জয়ী হতে পারেন৻

তবে, ভোটের অঙ্কের এইসব নানা সমীকরণের সঠিক উত্তরের চাবিকাঠি অবশ্য সেই আট কোটিরও বেশী ভোটারের হাতেই ৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি