http://www.bbcbengali.com

20 নভেম্বর, 2008 - প্রকাশের সময় 17:24 GMT

তিন শর্তে জোট নির্বাচনে রাজি

বাংলাদেশে ডিসেম্বর মাসের সময়সীমার মধ্যে নির্বাচন করার প্রশ্নে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট নতুন একটি আপোষ প্রস্তাব দিয়েছে৻

ঢাকায় জোটের শীর্ষ নেতাদের সাথে এক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন নির্বাচন ১০ দিন পিছিয়ে যদি ২৮শে ডিসেম্বর ভোটগ্রহন করা হয় তাহলে জোট নির্বাচন করবে৻

তবে এর জন্য জরুরী অবস্থা সম্পূর্ন প্রত্যাহার করতে হবে, গণপ্রতিনিধিত্ব আদেশে পরিবর্তন ঘটাতে হবে এবং উপজেলা নির্বাচন একমাস পিছিয়ে দিতে হবে বলে তিনি দাবী করেন৻

ঢাকা থেকে সংবাদদাতা আকবর হোসেন জানাচ্ছেন সংবাদ সম্মেলনে খালেদা জিয়া দাবী করেন ২৮শে ডিসেম্বর নির্বাচনের প্রশ্নে সরকারের সাথে সংলাপে তাদের জোট একমত পোষন করেছিল, কিন্তু সরকার সেই অবস্থান থেকে সরে আসে৻

তিনি বলেন সরকার ১৮ই ডিসেম্বর ভোটগ্রহনের যে সিদ্ধান্ত নিয়েছে সেটি তাদের রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি পক্ষপাতমূলক অবস্থান৻