http://www.bbcbengali.com

20 নভেম্বর, 2008 - প্রকাশের সময় 17:02 GMT

চীনে গণঅসন্তোষের শঙ্কা

বিশ্বব্যাপী আর্থিক সংকটের বিরূপ প্রভাব পড়ছে প্রধান অর্থনৈতিক শক্তিগুলির ওপর৻ এরই মধ্যে চীনের কর্তৃপক্ষ বলছে বেকারত্ব এবং হানাহানি বেড়ে যাওয়ার মুখে তারা বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে৻

পশ্চিমা বিশ্বে রোলস রয়েস এবং সিত্রো-পোজোর মত গাড়ী নির্মাতা কোম্পানীগুলি কর্মচারী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে৻ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দূর্দশা আরও বাড়বে এই আশংকার মাঝে বিভিন্ন দেশের শেয়ার বাজারে ধ্স নেমেছে৻

চীনের সামাজিক নিরাপত্তামন্ত্রী যা বলেছেন তাকে দেখা যেতে পারে বিশ্বব্যাপি অর্থনৈতিক সংকট প্রধান দেশগুলোর ওপর কতটা বিরূপ প্রভাব ফেলছে তার আরেকটি প্রমাণ হিসেবে৻

গত কয়েক সপ্তাহ ধরেই চীনের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে উদ্বেগ সৃষ্টি হবার মতো লক্ষণ দেখা যাচ্ছে৻ দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি এখনো দ্রুত,কিন্তু ততটা নয় যতটা আগে ছিল৻ বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে, বা অর্ডারের পরিমাণ কমে যাওয়ায় উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে, এবং বহু শ্রমিক ছাঁটাই হয়ে যাচ্ছে৻ হাজার হাজার শ্রমিক চীনের উপকূলবতী এলাকার শহরগুলো – যেগুলো মূলত চীনের বিস্ময়কর অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল কেন্দ্র – সেগুলো ছেড়ে গ্রামীণ এলাকায় ফিরে যাচ্ছে৻

চীনের গুয়াংডং প্রদেশের একটি জুতো তৈরি কারখানার পরিচালক সিরগিও সাম বিবিসিকে বলছেন, সবাই উদ্বিগ্ন৻ শুধু কারখানার মালিকরা নয়, শ্রমিকরাও৻ আমার মনে হয় এ ব্যাপারে আমাদের আশাবাদী হওয়া দরকার আছে৻

একজন উর্ধতন কর্মকতা পরিস্থিতিকে বর্ণনা করেছেন গুরুতর বলে, তবে তিনি এটাও বলেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে৻

কিন্তু যা উদ্বেগের বিষয় তা হলো চীনের বেকারত্ব আগামি বছর আরো বাড়তে পারে এবং দেশটির নেতারা ভয় পাচ্ছেন যে যারা সংকটে পড়ছেন তারা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসতে পারে৻ কোনো কোনো কারখানায় শ্রমিক বিক্ষোভ হচ্ছেও৻

এখন চীনের জননিরাপত্তা মন্ত্রী সতর্কবাণী উচ্চারণ করছেন যে বিশ্বব্যাপি অর্থনৈতিক সংকট সামাজিক অস্থিতিশীলতা ডেকে আনতে পারে৻ তিনি বলছেন তাদের প্রধান করণীয় হলো কিভাবে কাজ হারানো শ্রমিকদের সাহায্য করা যায়৻

চীনা সরকার এতদিন ধরে তাদের বৈধতার ভিত্তি গড়ে তুলেছিল এই অর্থনৈতিক সমৃদ্ধির ওপরই –তার রপ্তানিমুখী ম্যানুফাকচারিং-এর বিকাশ ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নত করার ভেতর দিয়ে৻ তার বিনিময়ে জনগণ একদলীয় শাসন মেনে নিয়েছে৻ কিন্তু এই ভারসাম্য টিকিয়ে রাখতে হলে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টির ধারা অব্যাহত রাখতে হবে, এবং ঠিক সেকারণেই পরিস্থিতি নিয়ে চীনের কতৃপক্ষ উদ্বিগ্ন৻