17 নভেম্বর, 2008 - প্রকাশের সময় 15:11 GMT
ভারত শাসিত কাশ্মীরে বিধান সভা নির্বাচনে সোমবার থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে৻
ভারতীয় শাসন থেকে কাশ্মীরের স্বাধীনতার দাবীতে সেখানে ব্যাপক আকারে সাম্প্রতিক বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর হাতে সেই বিক্ষোভ দমন, তাতে অন্তত চল্লিশজনের প্রাণহানি, এসব কিছুর পটভুমিতে হওয়া এই নির্বাচন বয়কট করার আবেদন জানায় বিচ্ছিন্নতাবাদী দলগুলো ৻
স্থানীয় নির্বাচন কমিশন জানিয়েছে সোমবার চল্লিশ শতাংশ ভোটদাতা এই নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৻
তবে কাশ্মীরের সুশীল সমাজের একাধিক প্রতিনিধি, এবং কিছু কিছু মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে যে ভোটারদের জোর করে ভোটকেন্দ্রে আনা হয়৻
এই ভোটগ্রহণ চলবে ছ‘সপ্তাহ ধরে, যাতে যেখানেই যখন ভোট হবে, সেখানেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া সম্ভব হয়৻
বহু বিচ্ছিন্নতাবাদী নেতাকেই আটক রাখা হয়েছে, যাতে তাঁরা নির্বাচন বিরোধী আন্দোলনে নেতৃত্ব না দিতে পারেন৻