BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 18 নভেম্বর, 2008 - প্রকাশের সময় 17:15 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
জাহাজ ছিনতাই রোধে পাহারার পরামর্শ
 
Saudi oil tanker
পূর্ব আফ্রিকার উপকূলে তেলবাহী জাহাজ বা ট্যাংকার ছিনতাইয়ের পর মার্কিন কর্তৃপক্ষ সকল সমূদ্রগামী জাহাজে সশস্ত্র পাহারাদার মোতায়েনের পরামর্শ দিয়েছে৻

এম ভি সিরিয়াস স্টার নামের সৌদি মালিকানাধীন এই জাহাজটিকে কেনিয়ার উপকূল থেকে ছিনতাই করা হয়৻ জাহাজটি ২০ লক্ষ টন অশোধিত জ্বালানী তেল বহন করছে৻

মার্কিন নৌবাহিনী বলছে বৃহৎ এই ট্যাংকারটি ছিনতাই করে, সোমালি জলদস্যুরা প্রমান করলো যে তাদের দক্ষতার ক্ষেত্রে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে৻

এ পর্যন্ত সোমালি জলদস্যুদের হাতে বিভিন্ন আয়তনের আরো তেরোটি জাহাজ নাবিক-সহ আটক আছে৻ নাবিকদের জন্যে মুক্তিপণ দাবী করছে তাদের অপহরণকারীরা৻ এবং খবরে প্রকাশ, ভেলা ইন্টারন্যাশনাল, নামক যে সংস্থাটি ছিনতাই হওয়া ট্যাঙ্কার, সিরিয়াস স্টারের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে, অপহরণকারীরা ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং নাবিকদের মুক্তির লক্ষ্যে আলোচনাও চলছে৻

গোয়েন্দা সংস্থা, মেরিটাইম ইনটেলিজেন্স সার্ভিস লিমিটেডের, ব্যবস্থাপনা পরিচালক, গ্রেহাম গিবন ব্রুকস, বলছেন এই ট্যাঙ্কারের নাবিকদের উদ্ধার করতে হলে, মুক্তিপণ দেয়ার কোনো বিকল্প নেই বললেই চলে৻

তিনি বলেন মুক্তিপণ যে দিতেই হবে এটা প্রায় ধরে নেয়া যেতেই পারে৻ কারন, সামরিক বাহিনী কখন কোথায় কিভাবে তৎপর হতে পারে, সে বিষয়ে যেসব নিয়ম-নীতি রয়েছে, সে অনুযায়ী, তারা এখানে অভিযান চালাতে পারে, যদি স্পষ্টত কারুর জীবনের প্রতি কোনো হুমকি থাকে৻

কিন্তু মি. গিবন ব্রুকস বলছেন সোমালি জলদস্যুদের এইসব ছিনতাইয়ের ক্ষেত্রে, সাধারনত মুক্তিপণটাই আসল লক্ষ্য থাকে তাদের৻ কাজেই অপহৃতদের জীবনের ঝুঁকিটা ততটা প্রবল নয়৻

তবে হ্যাঁ মুক্তিপণ নিয়ে যে দর-কষাকষিটা দীর্ঘ দিন চলতে পারে, দুই-তিন-চার মাস পর্যন্ত, সেকথাও জানিয়ে দিলেন মি. গিবন ব্রুকস৻

ওই এলাকায় বর্তমানে বিভিন্ন দেশের নৌবাহিনীর বেশ কিছু জাহাজ তৎপর৻ এবং সেকারনে সেখানে জলদস্যুদের কিছু কিছু আক্রমন প্রতিহত করাও সম্ভবপর হয়েছে৻

তবে জলদস্যুরা তাদের তৎপরতার পরিধি আরো বাড়িয়েছে, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের একটা বড় এলাকা জুড়ে৻ মি. গিবন ব্রুকস বলছেন সাগরের বুকে জলদস্যুদের দমন করাটা প্রায় অসম্ভব৻

তিনি বলেন বিভিন্ন নৌবাহিনীর পক্ষে যা করা সম্ভব তা তারা করছে৻ তাঁর মতে যে পটভুমিতে তারা কাজ করছে সেটা বোঝা দরকার৻ বহুজাতিক বাহিনী সি-টি-এফ এবং জাতিসংঘ মিলিয়ে ওখানে সাতটি থেকে এগারোটি জাহাজ রয়েছে৻ তাদের পাহারা দিতে হচ্ছে পঁচিশ লক্ষ বর্গ নটিকাল মাইল৻ আয়তনটা বিপুল৻

আরো জাহাজ পাঠিয়েও সমস্যার সমাধান হবে বলে মনে করেন না মি. গিবন-ব্রুকস৻ তাঁর মতে সেটা কেবল ক্ষতর ওপর প্রলেপ লাগানোরই সামিল হবে, আসল অসুখটা সারবে না৻ তাঁর বিশ্বাস সোমালিয়ার অভ্যন্তরীণ সমস্যার যতক্ষণ না সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জলদস্যু সমস্যাও মিটবে না৻

মার্কিন নৌ বাহিনীর কমান্ডার জেন ক্যামবেলও স্বীকার করছেন জলদস্যুদের দমন করার কাজটা কতটা দুরূহ৻ তবে তিনি আরেকটি সম্ভাব্য সমাধানের কথাও বলছেন৻

তিনি বলেন তাঁরা জাহাজ কোম্পানীগুলোকে জানিয়ে দিয়েছেন যে ওই অঞ্চলে নৌসেনাদের উপস্থিতি থাকলেও, সব জায়গায়, সব সময় তারা পাহারা দিতে পারবে না৻ তাই তাঁর পরামর্শ হলো জাহাজ কোম্পানীগুলোকেই নিজেদের সুরক্ষার জন্যে বাড়তি ব্যবস্থা নিতে হবে৻

তবে জলদস্যুদের কবল থেকে সিরিয়াস স্টার এবং তার নাবিকদের উদ্ধার করার জন্যে কোনো অভিযান চালানো হবে কিনা সেনিয়েও চিন্তাভাবনা চলছে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশের রাজধানীতে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি