08 অক্টোবর, 2008 - প্রকাশের সময় 15:44 GMT
বাংলাদেশের একটি প্রধান দল আওয়ামী লীগ তাদের গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে৻
দলের নেতারা বলছেন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যাতে দলটিকে নির্বাচন কমিশনে নিবন্ধন করা যায়, সে লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে৻
সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগে কোন অঙ্গ সংগঠন থাকবে না, বিদেশেও দলের কোন শাখা থাকবে না৻ এর পাশাপাশি দলের নির্বাচনী ব্যায় এবং প্রার্থী মনোনয়নে স্বচ্ছতা আনার লক্ষ্যেও কিছু পরিবর্তন আনা হয়েছে৻
এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, তাদের সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছাত্র, শ্রমিক এবং শিক্ষক সংগঠনগুলো বহাল থাকবে৻ তবে এসব সংগঠন পরিচালিত হবে তাদের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী৻
তিনি আরও জানান, দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের যুক্ত করা হচ্ছে৻
নিবন্ধনের সময়সীমা
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর আবেদনের পরিপ্রেক্ষিতে তারা রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শেষ সময় ১৫ই
অক্টোবর থেকে বাড়িয়ে ২০শে অক্টোবর নির্ধারণ করেছে৻
বিএনপি এবং জামায়াতে ইসলামী নিবন্ধনের জন্য আরও বেশি সময় চেয়েছিল সরকারের সঙ্গে তাদের সংলাপকে সামনে রেখে৻
বিএনপি জানিয়েছে, নিবন্ধনের লক্ষ্যে তারাও দলের গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু করেছে৻
এর আগে জামায়াতে ইসলামীও জানিয়েছিল যে প্রয়োজনে নিবন্ধনের লক্ষ্যে তারাও গঠনতন্ত্র সংশোধন করবে৻