03 অক্টোবর, 2008 - প্রকাশের সময় 17:45 GMT
ভারতের পশ্চিমবঙ্গের সিঙ্গুর থেকে ন্যানো গাড়ী তৈরীর কারখানা সরিয়ে নেয়ার ঘোষনা দিয়েছে টাটা৻
জমি অধিগ্রহন নিয়ে বিরোধী তৃনমূল কংগ্রেসের অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে টাটার কর্নধার রতন টাটা শুক্রবার কোলকাতায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেন৻ তিনি বলেন শ্রমিক কর্মচারীদের নিরাপত্তার স্বার্থেই টাটা এই সিদ্ধান্ত নিয়েছে৻
বিরোধী তৃনমূলের আন্দোলনের কারনে গত প্রায় মাস দেড়েক ধরে সিঙ্গুরে টাটার গাড়ীর কারখানাটি বন্ধ রয়েছে৻
এর আগে রতন টাটা রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে এক বৈঠক করে পরিস্থিতি নিয়ে তার গভীর উদ্বেগের কথা জানান৻ জানা গেছে মুখ্যমন্ত্রী নিরাপত্তার অশ্বাস দিলেও, রতন টাটা বলেন সর্বক্ষন পুলিশ প্রহরায় কারখানা চালানো সম্ভব নয়৻
পরে সংবাদ সম্মেলনে রতন টাটা বলেন কারখানা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া তার জন্য সহজ ছিলনা, কিনতু তৃনমূল কংগ্রেসের কর্মকান্ডের ফলে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন৻ তবে তিনি বলেন ভবিষ্যতে পরিস্থিতি ভালো হলে টাটা হয়ত আবারো পশ্চিমবঙ্গে ফিরতে পারে৻
ন্যানো গাড়ী তৈরীর কারখানাটি পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে কোথায় নেয়া হবে, সে ব্যাপারে পরিস্কার করে কিছু বলেননি রতন টাটা৻
উদ্ভুত পরিস্থিতির জন্য রাজ্যের ক্ষমতাসীন বামফ্রন্ট বিরোধী তৃনমূলকে দায়ী করেছে৻
অন্যদিকে বিরোধী তৃনমূল নেত্রী দায়ী করেছেন সরকারকে৻ তিনি বলেন প্রথম থেকে সরকার নমনীয় আচরন করলে এই পরিস্থিতির সৃষ্টি হতনা৻