BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 13 অক্টোবর, 2008 - প্রকাশের সময় 15:43 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
দর বেড়েছে শেয়ার বাজারগুলোয়
 
share market broker
বিশ্বের অর্থবাজারে চরম সংকট এবং অনিশ্চয়তা কাটাতে ইউরোপের কয়েকটি দেশের নেয়া পদক্ষেপের পর শেয়ার বাজারে তার ইতিবাচক ফল দেখা গেছে৻

ব্রিটেনে কেবল তিনটি বৃহৎ ব্যাংক রক্ষায় সরকার ছয় হাজার কোটি ডলার যোগান দেয়ার কথা ঘোষণা করেছে, এর মধ্যে একটি ব্যাংকের সিংহভাগ শেয়ারই সরকার নিজের হাতে নিচ্ছে৻ জার্মানী, ফ্রান্স এবং স্পেনও জানিয়েছে, তারা রুগ্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষায় শত হাজার কোটি ডলার যোগান দেবে৻

আর্থিক সুনামি কাটিয়ে ওঠার জন্যে বিশ্বজুড়ে যেসব ব্যবস্থা নেয়া হয়েছে তার প্রভাব পড়তে শুরু করেছে ইউরোপ এবং এশিয়ার বাজারে৻ ইউরোপে সোমবার সকালে শেয়ার বেঁচা কেনা শুরু হওয়ার পর ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানীর সূচক ছয় শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে৻

বিশ্লেষকরা বলছেন যে, বিশ্বজুড়ে শেয়ার বাজার যেনো সরকারগুলোর উদ্যোগকে বেশ ভালোভাবেই স্বাগত জানিয়েছে৻ বিশ্ব অর্থ বাজারের ইতিহাসে আজকের দিনটি গুরুত্বপূর্ণ৻ রাজনৈতিক নেতাদের উদ্যোগের ফলেই এই আশার তৈরি হয়েছে৻

যুক্তরাজ্যের তিনটি ব্যাংকে ছয় হাজার কোটি ডলারের অর্থ সরবরাহের ঘোষণা আসার পরেই লন্ডনের শেয়ার বাজার চাংগা হয়ে উঠে৻ এই অর্থের বড়ো অংশই দেওয়া হবে রয়্যাল ব্যাংক অফ স্কটল্যান্ড, আর বি এসকে, যার ষাট শতাংশ মালিকানা যাবে সরকারের হাতে৻ ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, সরকারের কাছে অর্থ ফেরত না আসা পর্যন্ত বোর্ডের সদস্যদের এ বছর বোনাস দেওয়া হবে না, পরিশোধ করা হবে না লভ্যাংশও৻

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন যে, বিশেষ এই সময়ে যখন আর্থিক বাজার থমকে গেছে, সরকার জনগণকে এরকম একটা বিপদের মুখে ছেড়ে দিতে পারে না৻ অনিশ্চিত এবং অস্থিতিশীল বাজারে আমানতকারী, ক্ষুদ্র ব্যাবসায়ী এবং বাড়ির মালিকদের জন্যে এমন একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে যার উপরে ব্রিটিশ জনগণ নির্ভর করতে পারে৻

ইউরোপীয় নেতারা বলেছেন, বড়ো যে কোনো ব্যাংকের পতন ঠেকাতে তারা যথাযথ ব্যবস্থা নেবেন৻ আর অর্থনৈতিকভাবে শক্তিধর কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে স্বল্প মেয়াদে সীমাহীন ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে৻

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের তরফে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পর্যাপ্ত তারল্যের প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে একযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রস্তত আছে৻

অস্থিরতার কারণে রাশিয়ায় শেয়ার বাজার বন্ধ করে দেয়া হলেও সোমবার থেকে লেনদেন শুরু হয়েছে যেখানে সূচকের গতি ছিলো উর্ধমূখী৻ দক্ষিণ কোরিয়া, হংকং, এবং সাংহাই এর বাজারেও শেয়ারের সূচক উপরের দিকে উঠেছে৻ সরকারি ছুটির কারণে বন্ধ ছিলো জাপানের বাজার৻ আর তিন শতাংশেরও বেশি বেড়েছে অস্ট্রেলিয়ায়৻

মেরিৎস সিকিউরিটিজের একজন বিশ্লেষক শিম জা ইয়্যুব বলছেন যে অস্ট্রেলিয়ার সরকার বাড়ি বেচা কেনার খাতে ব্যাংকগুলোকে সক্রিয়ভাবে অনুদান ও ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে যা শেয়ারের মূল্যবৃদ্ধির পেছনে বড়ো একটা কারণ৻

তবে আইসল্যান্ডের বাজারে আজ লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও শেষ মূহুর্তে এসে তা বাতিল করা হয়েছে৻ সেদেশের তিনটি বৃহৎ ব্যাংকের রাষ্ট্রীয়করণের পর গত সপ্তাহ থেকে সেখানে শেয়ার বাজার বন্ধ রাখা হয়েছে৻

এই পরিস্থিতিতে জার্মানী, ফ্রান্স এবং স্পেনের সরকার তাদের নিজস্ব পরিকল্পনার কথা তুলে ধরছে৻ জার্মানীর এই উদ্ধার পরিকল্পনার আর্থিক পরিমাণ প্রায় পঞ্চান্ন হাজার ডলার৻ নিজেদের মধ্যে অর্থের প্রবাহ উৎসাহিত করার উদ্দেশ্যেই ব্যাংকগুলোকে এই সহায়তা দেয়া হচ্ছে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি