http://www.bbcbengali.com

04 সেপ্টেম্বর, 2008 - প্রকাশের সময় 17:20 GMT

বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

বাংলাদেশে প্রধান সবকটি নদীর পানি বাড়ায় আগামী দু-তিনদিনে বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশংকা করা হচ্ছে।

দেশের বন্যা সতর্কীকরণ কেন্দ্র বৃহশপতিবার বলেছে আগামী দু-তিনদিনে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হবার আশংকা রয়েছে৻ ভারতের আসাম ও মেঘালয়ে বন্যা ও বৃষ্টি বাড়ায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে৻

সরকারী হিসেবেই দেশের ১৬টি জেলা এখন বন্যার কবলে৻

বন্যা কবলিত বেশ কটি জেলার মানুষ বাড়ী-ঘর ছেড়ে সরকারী আশ্রয় শিবিরে কিংবা বাঁধের ওপর বসবাস করছে।

স্থানীয় প্রশাসন বলছে, তারা তেমনভাবে ত্রাণ তৎপরতা শুরু না করলেও বন্যা মোকাবেলার সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে।

সরকারের হিসেবে এখন পর্যন্ত এক লাখ হেক্টর জমির ফসল আংশিক বা পুরোপুরি নষ্ট হয়েছে৻ কৃষি উপদেষ্টা ড সি এস করিম বিবিসিকে বলেছেন সরকার রোপা আমনের বাড়তি চারা তৈরীর ব্যাবস্থা করেছে, যাতে পানি কমলে আবারো চাষ শুরু করা যায়৻

বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে প্রধান নদীগুলোর পানি কমতে শুরু করবে বলে তারা আশা করছে৻