http://www.bbcbengali.com

27 অগাস্ট, 2008 - প্রকাশের সময় 17:14 GMT

খালেদার মুক্তির দাবীতে মানববন্ধন

বাংলাদেশে বিএনপি বলেছে নির্বাচনে সকল দলের অংশগ্রহন চাইলে অবিলম্বে দলের নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে৻

বুধবার ঢাকায় খালেদা জিয়ার মুক্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচী চলাকালীন বি এন পি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেন আলোচনা চাইলে, নির্বাচনে সব দলের অংশগ্রহন চাইলে শর্তহীনভাবে খালেদা জিয়াকে মুক্তি এবং তারেক রহমানের বিদেশে চিকিৎসার ব্যাবস্থা করতে হবে৻

মানববন্ধন কর্মসূচী পালনের সময় বি এন পি নেতৃত্বাধীন চারদলীয় জোটের নেতা কর্মীরা পুলিশি বাধার মুখোমুখি হন৻ বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৻

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং তার ছেলে তারেক রহমানের বিদেশে চিকিৎসার দাবীতে এই কর্মসূচীতে পুলিশের নিষেধাজ্ঞা ছিল৻

পুলিশি বাধার প্রতিবাদে চারদলীয় জোট ২রা সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষনা দিয়েছে৻

ওদিকে হাইকোর্ট বুধবার পাঁচটি মামলায় তারেক রহমানকে জামিন দিয়েছেন৻ তার বিরুদ্ধে আনা মামলাগুলোর আর একটিতে জামিন পেলেই তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে তার আইনজীবিরা বলছেন৻ বৃহশপতিবার ঐ মামলার শুনানীর কথা রয়েছে৻