BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 18 অগাস্ট, 2008 - প্রকাশের সময় 17:28 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
সংসদীয় বিচারের মুখে পদত্যাগ মোশারফের
 
Pervez Musharraf
সংবিধান লঙ্ঘনের অভিযোগে প্রেসিডেন্ট পারভেজ মোশারফকে সংসদীয় বিচারের মুখোমুখি করার যে হুমকি পাকিস্তানে ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা কার্যকর হওয়ার আগেই তিনি পদত্যাগের কথা ঘোষণা করেছেন৻

পাকিস্তানি জনগণের উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে মি: মোশারফ বলেন, জাতীয় স্বার্থেই তিনি পদত্যাগ করলেন৻ তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা টিঁকবে না বলে দাবী করলেও, মি: মোশারফ বলেছেন, তা সত্ত্বেও তিনি পদত্যাগ করলেন কারণ তিনি মনে করেন, পাকিস্তানে এখন কোনো সংঘাত কাম্য নয়৻

এক সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে ১৯৯৯ সালে ক্ষমতা দখলের পর তার বিভিন্ন পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরে মি: মোশারফ বলেন, স্বাধীনতা-পরবর্তী পাকিস্তানের এক সংকটময় মুহুর্তে তিনি তার দেশকে নেতৃত্ব দিয়েছেন৻

মি: মোশারফের পদত্যাগপত্র গৃহীত হলে পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সেনেটের চেয়ারম্যান অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্বভার পালন করবেন৻ মোশারফপন্থী পাকিস্তান মুসলিম লীগের মহম্মদ মিয়া সুমরো এখন সেনেটের চেয়ারম্যান পদে রয়েছেন৻

পাকিস্তানি সংসদের উভয়কক্ষ ও প্রাদেশিক আইনসভার সদস্যরা একযোগে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন৻

পদত্যাগ কেনো

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, বিশেষ করে তালেবান ও আল কায়দার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে অভিযান শুরু করেছে তাতে সহযোগিতার জন্য কন্ডোলিৎজা রাইস, পারভেজ মুশারফের ভূয়সী প্রশংসা করেছেন৻ অথচ তালেবান বাহিনী ও আল কায়দাকে নিয়ন্ত্রণ করতে তার ব্যর্থতার জন্যই মি: মুশারফ ক্ষমতায় টিঁকে থাকতে তার একসময়কার প্রধান পৃষ্ঠপোষক মার্কিন প্রশাসনের পূর্ণ সহযোগিতা পেতে ব্যর্থ হয়েছেন৻

শুধুমাত্র মার্কিন সমর্থনই নয়, পাকিস্তানি সেনাবাহিনীর প্রত্যক্ষ সমর্থন পেতে তার ব্যর্থতাও মি: মুশারফের বিদায়কে ত্বরান্বিত করেছে৻ ১৯৯৯ সালে এক সামরিক অভ্যন্তরীণের মধ্যে দিয়ে ক্ষমতা দখলের পর থেকে বিগত নয়বছর ধরে নানাভাবে ক্ষমতায় টিঁকে থাকলেও শেষ মূহুর্তের রাজনৈতিক চাপ মি: মুশারফের পক্ষে সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে বলে মনে করছেন ইসলামাবাদে বিবিসি-র সংবাদদাতা চার্লস হ্যাভিল্যান্ড৻

Anti Musharraf protest
আইনজীবিদের বিক্ষোভ বাড়তি চাপ সৃষ্টি করে

সেনাবাহিনীর প্রধান হিসেবে, পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থীপদের বৈধতাকে কেন্দ্র করে সেদেশের বিচার ব্যবস্থার সাথে সঙ্ঘাত শুরু প্রেসিডেন্ট মুশারফের৻ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও আরো ৬০জন বিচারপতিকে বরখাস্ত করে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েন তিনি৻ সন্ত্রাসবাদের বিপদের কথা তুলে ধরে জরুরী অবস্থা জারি করেও পাকিস্তানে রাজনৈতিক বিরোধীতা দমন করতে ব্যর্থ হন মি: মুশারফ৻

সংসদীয় নির্বাচনের পর পাকিস্তান পিপলস পার্টি –পিপিপি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগের জোট সরকার গঠন কার্যত প্রেসিডেন্ট মুশারফের বিদায়ঘন্টা বাজিয়ে দেয় বলেই পর্যবেক্ষকদের ধারণা৻

রাজনৈতিক বিরোধীদের সরাসরি মোকাবিলার প্রশ্নে মি: মুশারাফের ঘণিষ্ঠরা বহুবার তার অঙ্গীকারের কথা বললেও, শেষ পর্যন্ত সংসদীয় বিচারের মুখোমুখির হওয়ার থেকে পদত্যাগ করে সরে যাওয়াটাকেই শ্রেয় মনে করেছেন মি: মুশারফ৻ কিন্তু তাতে শেষ পর্যন্ত তিনি বিচারের হাত থেকে রক্ষা পাবেন কিনা তা নিয়ে এখনো সংশয়ের অবস্ন হয়নি৻ যাকে ক্ষমতাচ্যুত করে মি: মুশারফ পাকিস্তানের রাজনৈতিক কেন্দ্রে নিজেকে প্রতিস্থাপিত করেছেন, সেই নওয়াজ শরিফের ঘণিষ্ট জাভেদ হাশমি ইতিমধ্যে মি: মুশারফের বিচারের দাবী তুলেছেন৻

প্রতিক্রিয়া

মি: মোশারফকে একজন প্রকৃত বন্ধু হিসেবে অভিহিত করে বুশ প্রশাসন তাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে এক সাহসী সেনানী বলে অভিহিত করেছে৻ মার্কিন প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় তারা আগামীদিনেও পাকিস্তান সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করবে৻

Musharraf with Bush
এই ঘণিষ্ঠতা এখন ইতিহাস?
পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, মি: মোশারফের পদত্যাগ ঐ অঞ্চলে গণতন্ত্রকে ত্বরান্বিত করবে৻

ভারত প্রকাশ্যে এই ঘটনাকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করলেও, বিবিসি-র সংবাদদাতারা বলছেন, ভারতীয় নেতারা একান্তে স্বীকার করছেন, মি: মোশারফের পদত্যাগ পর পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন৻

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের জনগণ তাদের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেই তারা আশা করে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি