20 জুলাই, 2008 - প্রকাশের সময় 17:21 GMT
বাংলাদেশে জরুরী অবস্থা জারির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের করা এক মামলায় হাইকোর্ট রোববার সরকারের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে৻
চারজন আইনজীবীর দায়ের করা এই মামলায় হাইকোর্ট কবে নির্বাচন হবে এবং কিভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে তাও সরকারকে লিখিতভাবে জানাতে বলেছে৻
উল্লেখ্য গত বছরের ১১ ই জানুয়ারী বাংলাদেশে জরুরী অবস্থা জারি করা হয়েছিল৻
হাইকোর্ট সরকারের কাছে জরুরী অবস্থা জারির প্রেক্ষাপট এবং জরুরী অবস্থা জারিকে কেন্দ্র করে বেশ কিছু বিষয়েই আইনী ব্যাখ্যা জানতে চেয়েছে৻
জরুরী ক্ষমতা অধ্যাদেশ ও বিধিমালা জারিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে বলেছে হাইকোর্ট৻
কবে নির্বাচন হবে এবং পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কি হবে সে বিষয়েও হাইকোর্ট সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে৻ এসব জবাব দেয়ার জন্য হাইকোর্ট সরকারকে চার সপ্তাহ সময় বেঁধে দিয়েছে৻
সরকারের পক্ষে ডেপুটি এটর্নী জেনারেল নাইমা হায়দার জানিয়েছেন, চার সপ্তাহের মধ্যে এই কারণ দর্শাও নোটিশের জবাব দেয়া হবে৻