03 জুলাই, 2008 - প্রকাশের সময় 15:24 GMT
বাংলাদেশে অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারের সাথে সংলাপে অংশ নিয়ে জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করেছে৻
এর আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গত ১১ জুন মুক্তি পাওয়ার পর সে রাতেই হাসিনা-সহ দলের নেতাদের সঙ্গে সরকারের উপদেষ্টারা সংলাপে বসেন৻ টেলিফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয় শেখ হাসিনারও৻ তার পর এই প্রথম আবার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংলাপে বসা হল৻
দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সংলাপে জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার এবং শেখ হাসিনার স্থায়ী মুক্তিসহ বেশ কিছু দাবিও সরকারের কাছে তুলে ধরেছেন৻
সংলাপের পর যৌথ প্রেস ব্রিফিংএ সরকার বলেছে - রাজনৈতিক সংস্কার এবং সাংবিধানিক কিছু বিষয়ে সরকার আবার আওয়ামি লিগের সাথে বৈঠকে বসবে৻
আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাত করে চলছে – নানা মহল থেকে ওঠা এই ধরনের অভিযোগ অবশ্য দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও সরকারের শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান দুজনেই অস্বীকার করেছেন৻