http://www.bbcbengali.com

01 জুলাই, 2008 - প্রকাশের সময় 14:41 GMT

জ্বালানীর সাথে বাড়লো পরিবহন ভাড়া

বাংলাদেশে জ্বালানী তেলের দাম ৩০ শতাংশ বাড়ানোর প্রেক্ষাপটে মঙ্গলবার থেকে দেশজুড়ে পরিবহন ভাড়া বেড়ে গেছে৻

পরিবহন মালিকদের সাথে সারাদিন ধরে দফায় দফায় বৈঠকের পর, সরকার ডিজেল চালিত বাস এবং মিনি বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৮ পয়সা থেকে ২১ পয়সা পর্যন্ত বাড়ানোর ঘোষনা দিয়েছে৻

সরকারের ঘোষনা অনুযায়ী ডিজেল চালিত দুরপাল্লার বাসের ভাড়া কিমি প্রতি ১৮ পয়সা বাড়িয়ে ১.০৫ টাকা করা হয়েছে৻ যেসব বাস ফেরীতে পারাপার হয়, তাদের ভাড়া করা হয়েছে কিমি প্রতি ১.১১ টাকা৻ মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়েছে কিমি প্রতি ১৮ পয়সা বাড়িয়ে ১.০৮ টাকা৻

নতুন এসব ভাড়া তাৎক্ষনিকভাবে কার্যকর করার ঘোষনা দেয়া হয়েছে৻

সরকার এই ঘোষনা দিলেও, মালিকপক্ষ এই ভাড়াতে সম্মত হয়নি বলে খবর পাওয়া গেছে৻ তারা কিমি প্রতি নূন্যতম ১.৪০ ভাড়া নির্ধারনের দাবী করছিল৻

তবে সরকারের পরিবহন সচিব বলেছেন বেশী ভাড়া দাবী করা হলে সরকারের রুট পারমিট বাতিলসহ নানা ব্যাবস্থা নেবে৻

জনপরিবহন ছাড়াও, ঢাকার বাজারগুলোতেও জ্বালানীর মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে৻ অসন্তোষ আর ক্ষোভ শোনা গেছে যারা গাড়ী চালান তাদের কন্ঠেও৻

সোমবার সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়েছে যে বিশ্বব্যাপী জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় এইখাতে সরকারের ভর্তুকির পরিমাণ বাজেটের সব সীমা ছাড়িয়ে গেছে এবং তাই জ্বালানীর এই মূল্যবৃদ্ধি ছাড়া সরকারের সামনে আর কোন পথ নেই৻

নতুন হার অনুযায়ী , পেট্রল লিটারপ্রতি বাইশ টাকা এবং ডিজেল ও কেরোসিন লিটারপ্রতি পনেরো টাকা বেড়েছে৻ এছাড়া, রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত গ্যাস সিলিন্ডারপ্রতি ছশো থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে৻

দেশে যখন খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে এবং গড় মুদ্রাস্ফীতি সরকারী হিসাবেই দশ শতাংশের ওপর তখন এই মূল্যবৃদ্ধি কার্য্যকর হলে অর্থনীতিতে তার কী প্রভাব পড়বে জানতে চাইলে অর্থ উপদেষ্টা মীর্জা আজিজুল ইসলাম বিবিসিকে বলেছেন যে এরপ্রভাব সীমিত রাখার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সবব্যবস্থাই নিয়েছে৻

মি ইসলাম এক্ষেত্রে কৃষিকাজের জন্য ডিজেলে ভর্তুকির কথা উল্লেখ করেন৻