|
ইনগ্রিড বেটানকোর্ট নাটকীয়ভাবে মুক্ত
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী ইনগ্রিড বেটানকোর্ট - যিনি গত ছয় বছর ধরে বামপন্থী ফার্ক বিদ্রোহীদের হাতে জিম্মি হয়ে
ছিলেন - তিনি নাটকীয়ভাবে মুক্তি পেয়েছেন৻ ভেনেজুয়েলার কাছে গুয়াভিয়ারে এলাকার কাছে তাদের উদ্ধার করা হয়৻ ইনগ্রিড তার পরিবারের
সাথে পুনর্মিলিত হয়েছেন এবং তার সমর্থকরা এ খবরে আনন্দ উল্লাস করেছে৻
কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো উরিবে দেশের সামরিক বাহিনীকে তাদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন৻ এই নাটকীয় উদ্ধার অভিযান সম্ভব হয়েছে একটিও গুলি না ছুঁড়ে৻ জঙ্গি গোষ্ঠীর যে দলটির হাতে এই ১৫জন বন্দী ছিলেন, কলম্বিয়া সেনাবাহিনী তাদের মধ্যে নিজেদের লোক ঢুকিয়ে দিতে সক্ষম হয় এবং গেরিলাদের যে দলটি বন্দীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাচ্ছিল তাদের কমান্ডারকে বাধ্য করে একটি তথাকথিত আন্তর্জাতিক মিশনের অংশ হিসেবে হেলিকপ্টারে সওয়ার হতে ৻ প্রাথমিকভাবে জঙ্গি কমান্ডারের ধারণা ছিল বন্দীদের ফার্কের কমান্ডার ইন চিফ আলফনসো কানোর কাছে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু হেলিকপ্টারটি আকাশে ওড়ার পরেই পরিচয় গোপনকারী সেনাসদস্যরা বিদ্রোহীদের কাবু করে ফেলে৻ টিভিতে এক সাক্ষাতকারে ইনগ্রিড বর্ণনা করেন যে কিভাবে তিনি এবং তার ১৪ জন সহবন্দী উপলব্ধি করেন যে তারা এখন মুক্ত৻ মুক্ত জিম্মিরা এর পর এমনভাবে উল্লাস করতে থাকেন যে তাদের একসময় ভয় হচ্ছিল যে হেলিকপ্টারটি বোধহয় বিধ্বস্ত হয়ে যাবে৻ মিস বেটানোর্টের মুক্তি নি:সন্দেহে কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো উরিবে সরকারের জন্য একটি চমকপ্রদ সাফল্য৻ যে ফার্ক গেরিলাদের হাতে প্রেসিডেন্ট উরিবের বাবা নিহত হয়েছেন, তাদের বিরুদ্ধে নিরন্তর কঠোর ব্যবস্থার মধ্যে দিয়ে তিনি যে অভিযানের সূচনা করেছিলেন, এই সাফল্য নি:সন্দেহে তার যৌক্তিকতাকেই তুলে ধরেছে৻ যে বন্দীদের নাটকীয়ভাবে মুক্ত করা হয়েছে এবং যারা তা সম্ভব করেছেন সেই সামরিক বাহিনীর কর্মকর্তাদের পাশে নিয়ে প্রেসিডেন্ট উরিবে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, কলম্বিয়া সরকার যে শান্তির জন্য কাজ করতে আগ্রহী সেই বার্তাও তাদের কাছে পৌছে দেওয়া দরকার ছিলো৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||