http://www.bbcbengali.com

18 এপ্রিল, 2007 - প্রকাশের সময় 17:17 GMT

হাসিনার গ্রেফতারী পরোয়ানা স্থগিত

বাংলাদেশের একটি আদালত সোমবার সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে এক হত্যা মামলায় জারি করা গ্রেফতারী পরোয়ানা সাময়িকভাবে স্থগিত রেখেছে৻

এই মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা নিজেই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এই গ্রেফতারী পরোয়ানা স্থগিত রাখার আবেদন জানান৻

মাত্র গতকালই ঢাকার মেট্রোপলিটন আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গত অক্টোবরের এক রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এই গ্রেফতারী পরোয়ানা জারি করে৻
শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা এই অভিযোগকে মিথ্যে এবং রাজনৈতিক হয়রানিমূলক বলে বর্ণনা করেছেন৻
গ্রেফতারী পরোয়ানা তুলে নেয়ার ঘটনাকে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের আকাঙ্খার প্রতিফলন বলে বর্ণনা করেছেন৻
লন্ডনে অবস্থানরত শেখ হাসিনা বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে বলেন, সরকারের এখন উচিত তার দেশে ফেরার ওপর জারি করা নিষেধাজ্ঞাও তুলে নেয়া৻
শেখ হাসিনা গত রোববার লন্ডন থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে তিনি ব্যর্থ হন, তাঁর দেশে ফেরার ওপর বাংলাদেশী কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে ঢাকাগামী বিমানে নিতে অস্বীকৃতি জানায়৻
শেখ হাসিনা বলেছেন, সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি রাজনৈতিক এবং আইনগতভাবে লড়াই চালিয়ে যাবেন৻ এ লক্ষ্যে ইতোমধ্যে ঢাকায় তাঁর দল আওয়ামী লীগের নেতারা আইনজীবিদের সঙ্গে কথাবার্তা বলেছেন বলে শেখ হাসিনা জানান৻

এদিকে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে উদ্ভুত পরিস্থিতির সম্পর্কে তারা বাংলাদেশ সরকারের কাছে বিস্তারিত জানতে চেয়েছে৻

ব্রিটিশ হাইকমিশন বলছে, লন্ডনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যখন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী মার্গারেট বেকেটের সঙ্গে সাক্ষাত করেন, তখন সেই বৈঠকেও শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা বিধি নিষেধের বিষয়ে আলোচনা হয়েছে৻