BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 30 সেপ্টেম্বর, 2006 - প্রকাশের সময় 16:27 GMT
 
বন্ধুকে ইমেইল করুন ছাপার উপযোগী সংস্করণ
ওয়েবে গড়ে উঠছে সামাজিক নেটওয়ার্ক
 
Lilly Allen and Jamie Cook from the Arctic Monkeys
আর্কটিক মাংকিসের মতো ব্যান্ড মাইস্পেসের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে
শুরু থেকেই ওয়েব ব্যাবহৃত হচ্ছে নতুন নতুন মানুষের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে৻ তবে সম্প্রতি এই ওয়েব ব্যাবহারকারীদের মধ্যে যোগাযোগের পরিমান নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে৻ আর এই লক্ষ্যে জন্ম হয়েছে নতুন ধরণের কিছু ওয়েবসাইটের যেখানে তারা ছবি গান ভিডিও এবং তথ্য আদান প্রদান করছে৻ ওয়েবের ইতিহাসে এইসব ওয়েবসাইট এখন সবচেয়ে জনপ্রিয়৻

এরকমই কয়েকটি ওয়েবসাইট হচ্ছে বিবো, ফ্রেন্ডস্টার এবং মাইস্পেস যেখানে অভিনব এক সামাজিক নেটওয়ার্ক গড়ে উঠেছে৻

বিবো ওয়েবসাইটের সারা গ্যাভিন বলছেন, এটা আসলেই শক্তিশালী৻ আমার ধারনা এ ধরণের ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকটা মানুষ এই প্রথমবারের মতো একটা শক্তি অর্জন করলো৻ এখানে লেখক আছেন যারা তাদের বই প্রকাশ করছেন৻ যারা ছবি বানাতে শুরু করছেন তাদের জন্যেও সহায়ক এই ওয়েবসাইট৻ এটা প্রচন্ড ক্ষমতাধর এক মাধ্যম এবং মানুষ তার কার্যকারিতাও বুঝতে শুরু করেছে৻

২০০৩ সালে একটি ওয়েবসাইট চালু করা হয়েছিলো যা ওয়েবেরে জগতে অনেক কিছুই বদলে দিয়েছে৻ এই সাইট ক্রমে ক্রমে এতোই জনপ্রিয় আর প্রভাবশালী হয়ে উঠে যে এই ওয়েবসাইট ব্যাবহার করে অনেক অপরিচিত শিল্পী বা ব্যান্ডই তারকা হয়ে উঠে৻ রুপার্ট মারডকের নিউজ কর্পোরেশন ৫৮ কোটি ডলার দিয়ে এই সাইট কিনে নিয়েছে৻ আর এই ওয়েবসাইটের নাম হচ্ছে মাইস্পেস৻

গানের অন্তর্ভুক্তিই মাইস্পেসের সাফল্যের প্রধান কারণ৻ লিলি এলেন বা আর্কটিক মাংকিসের মতো ব্যান্ডও এই ওয়েবসাইট ব্যাবহার করে ব্যাপক সুনাম কুড়িয়েছে৻

শুধু শিল্পী বা ব্যান্ডই নয়, আরো অনেকেই সামাজিক নেটওয়ার্কিং এর এইসব সাইট ব্যাবহার করছে৻ অ্যামেরিকার জনপ্রিয় রেডিও ডি. জে. ড্যান গ্রিনপিসও সবার আগে এই ওয়েবসাইটেই হাজির হয়েছিলেন৻ আর সেটা করেছিলো তার বন্ধুরাই৻

myspace website
মাইস্পেস ওয়েবসাইট সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক

মি. গ্রিনপিস বলছেন, প্রাথমিকভাবে আমি মাইস্পেস ব্যাবহার করি নেটওয়ার্কিং এর জন্যে৻ এর যা আমার খুব পছন্দের তা হলো মানুষ খুব সহজেই এর মাধ্যমে আমার কাছে পৌঁছাতে পারে৻ এর আগে এই কাজটা এতোটা সহজ ছিলো না৻ এর মাধ্যমে তারা যেমন আমার সাথে ব্যাক্তিগতভাবে যোগাযোগ করতে পারছে, ই-মেল পাঠাতে পারছে, তেমনি জানতে পারছে রেডিওতে আমার অনুষ্ঠান কখন প্রচার হচ্ছে৻ তথ্য আর মতের আদান প্রদান ঘটছে এই ওয়েবসাইটের মাধ্যমে৻

বিশেষ বিশেষ গ্রুপকে সামনে রেখে চালু করা হচ্ছে বিশেষ বিশেষ ওয়েবসাইট৻ লাস্ট এফএম নামের সংগীত বিষয়ক নেটওয়ার্ক তার সদস্যরা কি ধরণের গান বাজনা পছন্দ করে তা জানার লক্ষ্যে বিশেষ ধরণের সফটওয়্যার ব্যাবহার করে থাকে৻ আর সেই চাহিদা অনুযায়ী ওয়েবসাইট সাজানো হচ্ছে৻

লাস্ট এফএম- এর মার্টিন স্টিকসেল বলেন, সামাজিক এই নেটওয়ার্কের ভবিষ্যত জনগণের সাথে ওয়েবসাইটগুলির যোগাযোগ এবং এইসব যোগাযোগের নানামূখী সম্ভাবনার উপর নির্ভর করছে৻ যেহেতু একেকটা ওয়েবসাইট একেক বিষয়ে বিশেষজ্ঞ তাই এদের সম্ভাবনাও প্রচুর৻

এ স্মল ওয়ার্ল্ড ওয়েবসাইটের উদ্যোক্তা এরিক ওয়াক্টমাইস্টার বলছেন, খুব ভালো যোগাযোগ রয়েছে এরকম কিছু মানুষের একটা সমাজ এই পৃথিবীতে আছে এই উপলব্ধি থেকেই আমি এই ওয়েবসাইট খুলতে অনুপ্রানিত হয়েছি৻ এই সমাজ সবসময় বিশ্বাসযোগ্য তথ্য চায়৻ পরস্পরের কাছ থেকে তারা সেটা পেয়ে থাকে৻ আর এই ওয়েবসাইট হলো তার একটা প্ল্যাটফর্ম৻

beautiful people website
কিছু কিছু সাইট আছে যা সবাই ব্যাবহার করতে পারে না৻

যদিও অধিকাংশ ওয়েবসাইটে যে কেউই লগ ইন করতে পারে, কিছু কিছু সাইট আছে যেখানে বিশেষ কিছু ব্যাবহারকারীর কথা সামনে রেখেই সেসব সাজানো হয়েছে৻ যেমন বিউটিফুল পিপল৻ এই সাইটের সদস্য হতে হলে একটাই বৈশিষ্ট্য আর তা হলো আপনাকে দেখতে সুন্দর হতে হবে৻ উদ্যোক্তারা বলছেন, এটা ডেটিং সাইট নয়৻ তবে এখান থেকে মানুষ এপার্টমেন্ট, কাজ, পার্টি এমনকি জীবনসংগীরও সন্ধান পেতে পারেন৻

অনলাইন জগতের টুকরো খবর:

ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান সিমানটিক বলছে যে সাইবার অপরাধীরা এখন বাড়িতে বাড়িতে যেসব কম্পিউটার আছে সেখানে হানা দিচ্ছে৻ কেনোনা সেখানে হামলা করা সবচেয়ে সহজ৻

চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের রিপোর্টে বলা হচ্ছে যে বর্তমানে চীন থেকে প্রায় পৌনে দুই কোটি ব্লগ প্রকাশিত হচ্ছে৻

ইলেকট্রনিক সামগ্রী প্রস্ততকারী জাপানী প্রতিষ্ঠান সনি, ল্যাপটপে ব্যাবহারের জন্যে তৈরি লাখ লাখ ব্যাটারি ফিরিয়ে নিয়ে, নতুন ব্যাটারি সরবরাহের কথা ঘোষণা করেছে৻ ব্যাবহারকারীদের অভিযোগ যে, এই ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে তাতে আগুন ধরে যায়৻

 
 
স্থানীয় লিংকস্
অনলাইনে আপনার আমার ভিডিও
23 সেপ্টেম্বর, 2006 | Lei
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি