BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 17 সেপ্টেম্বর, 2006 - প্রকাশের সময় 19:48 GMT
 
বন্ধুকে ইমেইল করুন ছাপার উপযোগী সংস্করণ
কম্পিউটারের সুরক্ষা নিয়ে উদ্বেগ
 
Concerns over security software
কম্পিউটার ভাইরাসের জেরে এখন কম্পিউটার ব্যবহারকারীদের উদ্বেগের শেষ নেই ৻ সেই উৎকন্ঠার সাথে এখন যোগ হয়েছে কম্পিউটারকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন সফটওয়্যারের বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন৻

কম্পিউটারকে সুরক্ষিত রাখার জন্য যেসব সফটওয়্যার রয়েছে তার মধ্যে যেগুলো বিখ্যাত যেমন সিম্যানটেক, ম্যাকাফি, সোফোস প্রভৃতি নানান ধরণের সুরক্ষার ব্যবস্থা করে থাকে এবং সেই অনুযায়ী তাদের প্রোগ্রামগুলো বেশ দামী ৻

তাই অনেক ছোটো ছোটো কোম্পানি নানান সুরক্ষা সফটওয়্যার বাজারে ছেড়েছে যেগুলো ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যায়৻

সাধারণত এইসব ফ্রি সফটওয়্যারের লক্ষ্য হলো আপনাকে পরে তাদের সুরক্ষা সফটওয়্যারের সম্পুর্ণ ভার্সান কিনতে বাধ্য করা৻ যেমন জোন-ল্যাব , যাদের বিনামূল্যের ভার্সানটা হলো জোন অ্যালার্ম ফায়ারওয়াল৻

তবে অনেকেই এখন মনে করছেন, এই ধরণের ফ্রি সফটওয়্যারের ওপর কম্পিউটারের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকা কোনো কাজের কথা নয়৻ যারা এসব কথা বলছেন তারাই কিন্তু প্রচলিত সুরক্ষা সফটওয়্যার ব্যবহারের পক্ষে৻

ম্যাকাফির গ্রেগ ডে-র কথায়: "আমরা এমন অনেক ঘটনা দেখেছি যেখানে বিনামূল্যের সফটওয়্যারের মাধ্যমেই আপনার কম্পিউটারের নিরাপত্তা প্রথমে ঝুঁকির সম্মুখীন হচ্ছে৻ যারা কম্পিউটার ভাইরাস তৈরী করে তারা প্রথমে তা ব্যবহারের জন্য ফ্রি সফটওয়্যারই বেছে নেন৻ তারা এটা করেন কারণ এইসব পরিচিত সফটওয়্যারের নিরাপত্তার ব্যাপারে ইন্টারনেটেই অনেক তথ্য পাওয়া যায় যেগুলো ভাইরাস সৃষ্টিকারীরা নিজেদের স্বার্থে ব্যবহার করে থাকে৻"

Computer security

ম্যাকাফির মি: ডে-র কথায় এভাবে যারা ভাইরাস সৃষ্টি করেন তারা হয়তো সবক্ষেত্রে সাফল্য পান না কিন্তু অনেকক্ষেত্রেই এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে৻ তাই কম্পিউটার ব্যবহারকারীদের উদ্দেশ্যে তার পরামর্শ ফ্রি সফটওয়্যারের ভরসায় কম্পিউটারের নিরাপত্তা ছেড়ে দিয়ে বসে থাকবেন না৻

অনেকটা এই কারণেই মাইক্রোসফট তাদের যেসব নতুন উইন্ডোস ভার্সান বাজারে ছাড়ছে তাতে নিরাপত্তার বিষয়টির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে৻ যেমন উইন্ডোস ভিস্টা নামে যে ওপারেটিং সিস্টেম মাইক্রোসফট বাজার আনছে তাতে তথ্য আদানপ্রদান কিভাবে হচ্ছে তা নিয়ন্ত্রণ করা হবে৻

উইন্ডোস এক্স-পির মতো ভিস্টায় মাইক্রোসফটের নিজস্ব প্রোগ্রামেরও যেখানে সেখানে তথ্য পাঠানোর সুযোগ থাকবে না৻ মাইক্রোসফটের স্টিভেন ল্যাম্ব যেমন বলছেন, উইন্ডোজ ভিস্টায় ইন্টারনেট ব্যবহারকারীরা অনেক নিরাপদ বোধ করবেন৻

"উইন্ডোজ ভিস্টায় ইন্টারনেট এক্সপ্লোরারের কম্পিউটারের মূল ফাইল বা অপারেটিং সিস্টেমে কোনো তথ্য স্থায়ীভাবে পাঠানোর সুযোগ থাকবে না৻ তাই আপনি যদি কোনো ওয়েবসাইটে যান তবে আপনি তা করতে পারবেন অনেক নিশ্চিন্ত মনে৻ কারণ আপনাকে আর ঐ সাইটের কোনো কি-লগার বা রুল কিট নিয়ে ভাবতে হবে না৻ এখন মনে করা হয় এইসব কি-লগার বা রুল কিট থেকেই ভাইরাস ছড়িয়ে পরে৻"

Windows Vista
উইন্ডোজ ভিস্টায় সুরক্ষার অত্যাধুনিক ব্যবস্থা থাকবে

একইসঙ্গে মি: ল্যাম্ব বলছেন, নতুন উইন্ডোস অপারিটিং সিস্টেমে আপনি যেকোনো সুরক্ষা সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না৻ নির্দিষ্ট কিছু সফটওয়্যার ব্যবহারের সুযোগই তখন আপনার থাকবে৻ যেমন মাইক্রোসফট সুরক্ষার জন্য বাজারে ছেড়েছে ওয়ানকেয়ার এর ফলে তাদের উইন্ডোস অপারেটিং সিস্টেমের পুরো দায়িত্বই এখন থাকবে তাদের নিজেদের হাতে৻

মোবাইল ফোনে ইন্টারনেট সুবিধা এখনো জনপ্রিয় নয়

মোবাইল কোম্পানিগুলো যতই আশা করুক না কেনো, মোবাইল ব্যবহারকারীরা কিন্তু এখনো তাদের মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন না৻ এমনিতেই অনেক ফোনের মাধ্যমেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে এবং থার্ড জেনারশেন ফোন চালু হওয়ার পরে তা আরো বেড়েছে৻ কিন্তু এর পরেও ইউরোপের মাত্র দশ শতাংশ মোবাইল ব্যবহারকারী মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন৻

শুধুমাত্র ইউরোপেই নয়, প্রযুক্তির দিক থেকে বিশ্বের যেসব দেশ অন্য অনেকের থেকে এগিয়ে, যেমন জাপান এবং কোরিয়া সেখানেও ছবিটা একইরকম৻ জাপান এবং কোরিয়াতে মোবাইল ফোনগুলো আরো আধুনিক হলেও তাতে যে ইন্টারনেট ব্যবহার বেড়েছে তা নয়৻ বিবিসি-র প্রযুক্তি সংবাদদাতা ড্যান সিমন্সের মতে, এর প্রধান কারণ হলো মোবাইল কোম্পানিগুলো ইন্টারনেট ব্যবহারের ওপর নানা ধরণের নিষেধাজ্ঞা জারি করে থাকে৻ এছাড়া খরচ নিয়েও মোবাইল ব্যবহারকারীদের মধ্যে নানা ধরণের বিভ্রান্তি রয়েছে৻
Mobile phone
বিশেষজ্ঞদের মতে, মোবাইল ফোনের স্ক্রিনে ইন্টারনেটের যে অদ্ভুত লে-আউট দেখা যায় তাও অনেক ক্রেতাকেই ইন্টারনেট ব্যবহার থেকে বিমুখ করে থাকে৻ মোবাইলশপ ডট কমের রবার্ট রলিনসন যেমন বলছেন, কাউকে দেখে প্রাথমিক পচ্ছন্দই যদি আপনার না হয় তবে আপনি তার সঙ্গে কোনোরকম সম্পর্ক গড়ে তুলবেন কিভাবে৻

যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহারের পক্ষে তারা মনে করেন, মোবাইল ব্যবহারকারীদের জন্য ব্যাপারটি যদি সুবিধাজনক না হয় তবে কোনোমতেই তাদের উৎসাহিত করা যাবে না৻ এজন্য মোবাইল ব্যবহারকারীদের একটি বিশেষ মোবি-নেট অ্যাড্রেসে রেজিস্টার করার সুযোগ থাকছে এবং এর লক্ষ্য হলো তাদের কাছে সেইসব ওয়েবসাইটের ঠিকানা পৌছে দেওয়া যেগুলোতে মোবাইল ফোনের মমাধ্যমে খুব সহজে যাওয়া যায় এবং যেগুলো মোবাইল ফোনের ফরম্যাটের সঙ্গে সঙ্গতিপূর্ণ৻

টুকরো খবর:

* মাইক্রোসফট বড়দিন উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে জুন-প্লেয়ার চালু করতে চলেছে৻ অ্যাপেলের সাথে সরাসরি প্রতিযোগিতার জন্যই মাইক্রোসফট জুন-প্লেয়ার চালু করছে ৻ অনেকেই অবশ্য মনে করেন, প্রথম দিকে আই-টিউন বা আইপডকে তেমন প্রতিযোগিতার মুখে ফেলা সম্ভব হবে না ৻

* কম্পিউটার চিপ প্রস্তুতকারী মার্কিন কোম্পানি ফ্রিস্কেল-কে ৯৩৫ কোটি পাউন্ডে কিনে নিতে রাজি হয়েছে ব্ল্যাকস্টোনের নেতৃত্বাধীন একটি বেসরকারী ইকুইটি কোম্পানি৻ আগামী ৫০ দিনে অন্য কোনো ক্রেতা যদি বেশী দাম দিতে রাজি হয় তবে চুক্তিভঙ্গের অধিকার থাকবে ফ্রিস্কেলের৻

 
 
স্থানীয় লিংকস্
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি