
সাইক্লোন স্যান্ডির তাণ্ডবের সবচে বড় শিকার হয়েছে নিউইয়র্ক শহর।
শহরের মেয়র মাইকেল ব্লুমবার্গ এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
সোমবার স্থানীয় সময় রাত আটটার দিকে ৮০ মাইল বেগে সামুদ্রিক এই ঝড় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের আটশ মাইল জুড়ে আঘাত হানে। ঝড়ের সাথে শুরু হয় জলোচ্ছ্বাস।
নিউ ইয়র্কে জলচ্ছ্বাসের উচ্চতা ছিল ১৪ ফুটের মত। এর ফলে শহরের নিচু এলাকা, লোয়ার ম্যানহাটন পুরোপুরি প্লাবিত হয়েছে।
প্রেসিডেন্ট ওবামা নিউ ইয়র্ককে উপদ্রুত এলাকা বলে ঘোষণা করেছেন।
নিউ ইয়র্কের পাশের রাজ্য নিউ জার্সির তিনটি শহরে বন্যা কবলিত হয়ে পড়েছে। পর্যটন শহর আটলান্টিক সিটি পুরোপুরি তলিয়ে যাওয়ায় সেখানকার ৩০ হাজার বাসিন্দার সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
"নিউ ইয়র্কের পাতাল রেল ব্যবস্থা ১০৮ বছর পুরনো। পাতাল রেলের জন্য এমন বিপদ আগে কখনো আসেনি"
জোসেফ হোতা, নিউইয়র্ক জনপরিবহন বিভাগ
পাতাল রেলের সুড়ঙ্গে পানি
জলোচ্ছ্বাসের ফলে নিউইয়র্ক শহরের সাতটি প্রধান পাতাল রেলের সুড়ঙ্গে পানি ঢুকে পড়েছে।
শহরের জনপরিবহন বিভাগের পরিচালক জোসেফ হোতা বলেন: "নিউইয়র্কের পাতাল রেল ব্যবস্থা ১০৮ বছর পুরনো। পাতাল রেলের জন্য এমন বিপদ আগে কখনো আসেনি।"
শহরের হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের টিশ হাসপাতাল থেকে দুশরও বেশি রোগীকে সরিয়ে নিতে হয়েছে। শহরের কুইনস এলাকায় বেশ কিছু বাড়িতে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে।
নিউ ইয়র্কে প্রায় চার লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আজও (মঙ্গলবার) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮৮৮ সালের পর থেকে এই প্রথম দুর্যোগের কারণে পর পর দুই দিন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখা হচ্ছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরও আজ (মঙ্গলবার) বন্ধ ঘোষণা করা হয়েছে।
ওয়াশিংটনে কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসও বুধবার পর্যন্ত বন্ধ থাকবে।
নিউ ইয়র্কের পাশের রাজ্য নিউ জার্সির বিখ্যাত বিনোদন কেন্দ্র আটলান্টিক সিটির পুরোটাই এখন বন্যার পানির নিচে। সেখান থেকে ৩০,০০০ লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

পাতাল রেলে বন্যার পানি
পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সতর্কতা
নিউ জার্সির বহু পুরনো একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
হ্যারিকেন স্যান্ডি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলের প্রায় ৮০০ মাইল এলাকা জুড়ে আঘাত হানে।
বাতাস ও বৃষ্টির তোড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরণের বিপর্যয় দেখা দিয়েছে।
প্রায় পাঁচ কোটি মানুষের ঘরে বিদ্যুৎ সরবরাহ নেই। এক কোটি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। এই সংখ্যা বাড়তে পারে।
প্রায় ১৪,০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশের পুরো উত্তর-পূর্বাঞ্চল জুড়ে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
নির্বাচনী প্রচারণা বন্ধ
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের সপ্তাহখানেক আগে এই ঝড়ের ফলে নির্বাচনী প্রাচরণা কার্যত বন্ধ হয়েছে।
প্রেসিডেন্ট ওবামা এবং তাঁর প্রতিদ্বন্দি মিট রমনি দুজনেই তাঁদের শেষ মুহূর্তের প্রচারণা বন্ধ রেখেছেন।
পূর্ব উপকুলের শহর গুলোতে বৃষ্টি হচ্ছে। পূর্ব উপকুলের ১২ টি অঙ্গরাজ্যে ২৪ থেকে ৩৬ ঘণ্টা ধরে এই ঝড়ের প্রকোপ চলতে পারে।
বহু বছরের মধ্যে এটিকে সবচাইতে বড় সামুদ্রিক ঝড় বলে উল্লেখ করেছেন আবহাওয়া-বিদরা।
বলা হচ্ছে, ঝড়ের প্রকোপ কমে আসার সাথে সাথে ভার্জিনিয়া ও কেনটাকি অঙ্গরাজ্যে ভারি তুষারপাত শুরু হবে।















