bbc.co.uk navigation

সাগর-রুনি হত্যা মামলায় সাতজন গ্রেফতার

সর্বশেষ আপডেট মঙ্গলবার, 9 অক্টোবর, 2012 12:27 GMT 18:27 বাংলাদেশ সময়

বাংলাদেশে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনির হত্যা মামলায় সাতজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দীন খান আলমগির মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেফতার হওয়া সাত জনের মধ্যে চারজন পেশাদার অপরাধী। তিনি এদের নাম রফিক, বকুল, মিন্টু ও সাইদ বলে উল্লেখ করেন। তিনি জানান, ঢাকায় সম্প্রতি একজন চিকিৎসকের হত্যাকান্ডের সঙ্গেও এরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

তাদের সঙ্গে যুক্ত কামরুল নামে একজন গাড়িচালককেও আটক করা হয়েছে।

মহিউদ্দীন খান আলমগির আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে নিহত সাংবাদিক দম্পতির এক পারিবারিক বন্ধু তানভীরও রয়েছেন।

উল্লেখ্য, সাংবাদিক সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি গত ফেব্রুয়ারীতে ঢাকায় তাদের বাসায় খুন হন। এই ঘটনার পর থেকেই সাংবাদিকরা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

মহিউদ্দীন খান আলমগির গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরই ঘোষণা দিয়েছিলেন যে ১০ই অক্টোবরের মধ্যেই সাংবাদিক দম্পতির হত্যাকারীদের ধরা হবে।

নিজের বেঁধে দেয়া সময়সীমা উত্তীর্ণ হওয়ার মাত্র একদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রী আজ সন্দেহভাজন হিসেবে সাত জনকে গ্রেফতারের কথা জানালেন।

সম্পর্কিত বিষয়

BBC © 2013 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻