bbc.co.uk navigation

বিশ্বব্যাংকের অভিযোগ জানা নেই: মসিউর রহমান

সর্বশেষ আপডেট সোমবার, 27 অগাষ্ট, 2012 14:52 GMT 20:52 বাংলাদেশ সময়
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ সরকারকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ সরকারকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে

বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রসঙ্গে গত দু’দিন ধরে যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই মসিউর রহমান বিবিসিকে বলেছেন, বিশ্বব্যাংক তাকে অভিযুক্ত করেছে কিনা বা করলেও অভিযোগ কি তা তিনি কিছুই জানেন না।

যে ক’জন সরকারী কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার শর্ত দিয়েছে বিশ্বব্যাংক, তার ভেতর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপদেষ্টাও রয়েছেন বলে কয়েকদিন ধরে ঢাকার সংবাদ মাধ্যমে জল্পনা কল্পনা চলছে।

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা পাওয়ার শর্ত হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের একজন মসিউর রহমানকেও দায়িত্ব থেকে সরে যেতে হবে এমন খবরাখবর ঈদের পর থেকেই সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হতে থাকে।

এ বিষয়ে অর্থ উপদেষ্টা মসিউর রহমান বিবিসিকে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে তাকে বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি।

মি. রহমান বলেন, বিশ্বব্যাংক কি অভিযোগ করেছে তা তিনি জানেন না।

‘তবে বিশ্ব ব্যাংক চাইছে প্রধানমন্ত্রীর সাথে যারা কাজ করেন, প্রধানমন্ত্রীর আশেপাশে যারা থাকেন তার ভেতরে কয়েকজন লোককে সরিয়ে দিতে হবে। কিন্তু কেন সরিয়ে দিতে হবে, তাদের অপরাধ কি তা আমি জানি না।‘ বলেন মি. রহমান।

তিনি জানান,এ বিষয়ে সরকারের বক্তব্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানাবেন।

উপদেষ্টা মসিউর রহমান বলেন, দুর্নীতির অভিযোগে তাকে যদি সত্যিই অভিযুক্ত করা হয়ে থাকে তাহলে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত।

"বিশ্বব্যাংক চাইছে প্রধানমন্ত্রীর সাথে যারা কাজ করেন, প্রধানমন্ত্রীর আশেপাশে যারা থাকেন তার ভেতরে কয়েকজন লোককে সরিয়ে দিতে হবে। কিন্তু কেন সরিয়ে দিতে হবে, তাদের অপরাধ কি তা আমি জানি না"

মসিউর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মি. রহমান বলেন, ‘যদি আমার দোষ সাব্যস্ত হয়ে থাকে সে দোষটা কি সেটা জানার এবং আমার আত্মপক্ষ সমর্থন, সেটার সত্যতা পরীক্ষা করার সুযোগ আমার থাকতে হবে। তা না হলে মানুষের যে সাধারণ অধিকার আছে তা অস্বীকার করা হবে।‘

‘যদি কেউ অসার এবং মিথ্যা বলে থাকে তাহলে সেটা মিথ্যা পরমানের সুযোগ আমাকে দিতে হবে আর আমি তা প্রমাণ করতে পারলে সেটা মেনে নিতে হবে।‘ বলেন তিনি।

এ বিষয়ে গতকাল রোববারই সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন উপদেষ্টা মসিউর রহমান।

প্রয়োজনে তিনি পদত্যাগ করতে রাজি আছেন বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরোয়।

ধারণা করা হচ্ছিল বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে সোমবার একটি বিবৃতি প্রকাশ করা হবে কিন্তু অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার তারা এ প্রসঙ্গে তাদের বক্তব্য জানাবেন।

বিশ্বব্যাংকের শর্ত মেনে এরই মধ্যে সাবেক যোগাযোগমন্ত্রী এবং পরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেছেন।
এছাড়াও সেতু কর্তৃপক্ষের সচিব মোশাররফ হোসেন ভুঁইয়াকেও ছুটিতে পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার চূড়ান্ত প্রস্তাব

এদিকে, মালয়েশিয়ার সরকার পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের ব্যাপারে তারা তাদের চূড়ান্ত প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে জমা দিয়েছে।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে সোমবার এই প্রস্তাবটি তুলে দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামি ভ্যেলু।

তবে তাদের প্রস্তাবে কি বলা হয়েছে সে বিষয়ে উভয়পক্ষের তরফে এখনও কিছু প্রকাশ করা হয়নি।

যোগাযোগমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ সরকার এখন মালয়েশিয়ার প্রস্তাব খতিয়ে দেখছে।

মি. কাদের জানান, একটি কারিগরি কমিটি এখন প্রস্তাবের খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্যে সরকারের কাছে তাদের সুপারিশমালা উপস্থাপন করবে।

এই অর্থবছরের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি কিন্তু মালয়শিয়ার প্রস্তাবের বিষয়ে সরকার কবে সিদ্ধান্ত নেবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

সম্পর্কিত বিষয়

BBC © 2013 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻