bbc.co.uk navigation

বাংলাদেশে ৫০ কোটি ডলার বিনিয়োগ আসছে

সর্বশেষ আপডেট সোমবার, 30 জুলাই, 2012 14:07 GMT 20:07 বাংলাদেশ সময়
শেভরনের গ্যাস কূপ

শেভরনের গ্যাস কূপ

উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশের সবচাইতে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানায় উৎপাদন আরো বাড়ানোর জন্য এটি সম্প্রসারণ করতে যাচ্ছে, গ্যাসক্ষেত্রটি পরিচালনা ও উত্তোলনের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান শেভরন।

এই সম্প্রসারণ খাতে সংস্থাটি ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানাচ্ছে।

শেভরন বলছে আগামী ২০১৪ সাল নাগাদ সম্প্রসারিত এই গ্যাসক্ষেত্র থেকে অতিরিক্ত ৩০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে প্রতিদিন।

পেট্রোবাংলার হিসেব মতে, বাংলাদেশে এখন প্রাকৃতিক গ্যাসের দৈনিক গড় উৎপাদন ২২০ কোটি ঘনফুটের মতো।

এর মধ্যে শেভরন একাই উৎপাদন করে ১১০ কোটি ঘনফুটের বেশি।

শেভরন যে তিনটি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস তোলে তার মধ্যে সবচেয়ে বড়টি, উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট জেলায় থাকা বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে পাওয়া যায় দৈনিক আট কোটি ঘনফুটের মতো।

সোমবার বিবিয়ানা সম্প্রসারণ প্রকল্পের চূড়ান্ত বিনিয়োগের ঘোষণা দেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট জিওফ স্ট্রং।

মিস্টার স্ট্রং বলেন, ''নতুন এই প্রকল্প অনুযায়ী বিবিয়ানা গ্যাস ফিল্ডে নতুন উত্তোলন কূপ নির্মাণ করা হবে। সেই সাথে বসানো হবে নতুন একটি কনডেনসেট রিকভারি ইউনিট।''

"নতুন এই প্রকল্প অনুযায়ী বিবিয়ানা গ্যাস ফিল্ডে নতুন উত্তোলন কূপ নির্মাণ করা হবে। সেই সাথে বসানো হবে নতুন একটি কনডেনসেট রিকভারি ইউনিট। "

জিওফ স্ট্রং, প্রেসিডেন্ট, শেভরন বাংলাদেশ

''পুরো প্রকল্প বাস্তবায়ন করতে আমাদের দরকার হবে ৫০ কোটি মার্কিন ডলার।''

বিনিয়োগ সিদ্ধান্ত ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলছেন, ৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা সোমবার এলেও শেভরন এ নিয়ে সরকারের সাথে আলোচনা শুরু করেছে আরো দু'বছর আগে।

ড. চৌধুরী জানান, সম্প্রসারিত বিবিয়ানা থেকে অতিরিক্ত যে ৩০ কোটি ঘনফুট গ্যাস আসবে, তা পরিবহণ করার জন্য সরকার নতুন একটি সঞ্চালন লাইন বানাচ্ছে, বিবিয়ানা থেকে ঢাকার অদূরে গাজীপুরের ধানুয়া পর্যন্ত।

সঞ্চালন লাইনের দৈর্ঘ্য হবে ১৩৭ কিলোমিটার।

এটির নির্মাণ কাজ এখন চলছে আগামী বছর নাগাদ শেষ হয়ে যাবে বলে জানাচ্ছে সরকারি সূত্রগুলি।

বাংলাদেশে এখন দৈনিক গ্যাসের ঘাটতি রয়েছে ৫০ কোটি ঘনফুটের বেশী।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দেয়া তথ্যমতে সোমবারও দেশটির চারটি সার কারখানায় দিনের একটি বড় সময় জুড়ে গ্যাস সরবরাহ করা যায়নি।

এই পরিস্থিতিতে ২০১৪ সাল নাগাদ গ্যাসের উৎপাদন ৩০ কোটি ঘনফুট বাড়লেও তা পুরোপুরি চাহিদা পূরণ করতে সক্ষম হবে না।

সম্পর্কিত বিষয়

BBC © 2013 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻