bbc.co.uk navigation

ঢাকা ২০১২-র ইসলামি সংস্কৃতির এশীয় অঞ্চলের রাজধানী

সর্বশেষ আপডেট শনিবার, 14 জুলাই, 2012 17:14 GMT 23:14 বাংলাদেশ সময়
islami cultural captial

ওসমানি মিলনায়তনে কর্মসূচীর উদ্বোধন

বাংলাদেশের রাজধানী ঢাকাকে চলতি ২০১২ সালে ইসলামি সংস্কৃতির এশীয় অঞ্চলের রাজধানী হিসেবে ঘোষণা করে কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে আজ শনিবার।

ঢাকায় দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন।

মূলত ইসলামি সংস্কৃতির প্রসারে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কো অপারেশন বা ওআইসির একটি বিশেষ শাখা - ইসলামিক এডুকেশনাল, সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন বা আইএসইএসসিও ২০০৪ সালের ডিসেম্বরে ঢাকাকে ইসলামি সংস্কৃতির এশীয় অঞ্চলের রাজধানী হিসেবে ঘোষণার পর শনিবার এর কর্মকান্ডের উদ্বোধন হলো।

আইসিসকো ইসলামি সংস্কৃতির প্রসারে সদস্যভূক্ত দেশগুলোতে ইসলামী নীতি, আদর্শ, ঐতিহাসিক সভ্যতা ও সাংস্কৃতিক গৌরবকে তুলে ধরতে ২০০৪ সাল থেকে ইসলামি সংস্কৃতির রাজধানী উদযাপন কর্মসূচীর আয়োজন করে আসছে।

এরই অংশ হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকাকে ২০১২ সালের জন্য ইসলামি সংস্কৃতির এশীয় অঞ্চলের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।

পাশাপাশি আরব অঞ্চল থেকে ইরাকের নাজাফ শহর এবং আফ্রিকা অঞ্চল থেকে নিজারের নিয়ামে নগরীকে ইসলামী সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচন করা হয়েছে। এখন এই সব রাজধানীগুলোতে চলছে নানা আয়োজন।

ঢাকায় নানা কর্মসূচীর উদ্বোধন হয় আজ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন। শুরু হয় বছরব্যাপী নানা অনুষ্ঠানের।

dhaka tara mosque

ঢাকার তারা মসজিদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিশ্বের কোটি কোটি মুসলমান তাঁদের স্বতন্ত্র ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করেও অভিন্ন মোহনায় মিলিত হতে পারে।

ঢাকার মসজিদগুলোতে ইসলামি স্থাপত্যকলার যে ছাপ লক্ষ্য করা যায়, তা প্রকৃতপক্ষে বিশ্ব সংস্কৃতিরই সম্পদ।‌

বাংলাদেশে ইসলামের আবির্ভাবের পর থেকেই এ অঞ্চলের নানা স্থাপত্যে মুসলিম স্থাপত্য কলার রীতি দেখা যায়। কিন্তু কালের বিবর্তনে আর রক্ষণাবেক্ষণের অভাবে অনেক নিদর্শনই জরাজীর্ণ হয়ে গেছে।

এই আয়োজনের মধ্য দিয়ে ইতিহাসের সেই ঐতিহাসিক ইসলামী নিদর্শনগুলোর ওপর দৃষ্টি ফেরানোর প্রয়াস চলছে। আর একই সাথে এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের পরিচিতি এবং ভাবমূর্তি সমুজ্জ্বল করাও এই আয়োজনের লক্ষ্য বলে বিবিসিকে জানান তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।

মি. আজাদ জানান, ক্যালিগ্রাফি প্রদর্শনী, ঢাকা শহরের ইসলামিক স্থাপনা বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী চিন্তাবিদদের উপরে সেমিনার, ইসলাম বিষয়ে লেখা বইয়ের মেলার আয়োজন রয়েছে সরকারি কর্মসূচিতে।

চলতি জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এসব অনুষ্ঠান চলবে বলে তিনি জানান ।

BBC © 2013 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻