পদ্মা সেতু নিয়ে সরকারি আশ্বাস

পদ্মা সেতুর খসড়া নকশা

পদ্মা সেতুর খসড়া নকশা

বাংলাদেশের পদ্মা সেতুর জন্যে বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করলেও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসেই সেতুটির মূল অবকাঠামোর নির্মাণ কাজ শুরু করা হবে।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু প্রকল্পের জন্যে বিকল্প অর্থায়নের চেষ্টা করা হচ্ছে এবং এ ক্ষেত্রে চমক দেয়া হবে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়ানোর পর সরকারকে এখন অর্থায়ন ও প্রকৌশলগত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।

প্রায় ৩০০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্প থেকে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে বিশ্বব্যাংক নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর এই প্রকল্পের ভবিষ্যত নিয়ে বাংলাদেশে এখন ব্যাপক জল্পনা-কল্পনা চলছে।

বর্তমান সরকারের পক্ষে পদ্মা সেতুর নির্মাণ আদৌ শুরু করা সম্ভব হবে কিনা, সে ব্যাপারে সংশয়ের মাত্রাও বাড়ছে।

এই প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার ঋণ দেয়ার কথা ছিল, ফলে এটি হয়ে দাঁড়ায় বিশ্বব্যাংকের সবচেয়ে বড় একক প্রকল্প।

বিশ্বব্যাংক ঋণ স্থগিত করার পর বাংলাদেশ পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার সঙ্গে কথা-বার্তা শুরু করে। মালয়েশিয়ার পক্ষ থেকে মাত্র কয়েকদিন আগেই চুড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে খসড়াও পেশ করা হয়েছে।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এখনো নিশ্চিত করছেন না যে পদ্মা সেতুর অর্থায়নের উৎস শেষ পর্যন্ত কী হবে

তবে তিনি বলেন, এক্ষেত্রে সন্দেহবাদীদের জন্যে একটি চমক অপেক্ষা করছে। আর মালয়েশিয়ার সঙ্গে চুক্তি হলে প্রকল্প ব্যয় কমবে বলে তিনি মনে করেন।

অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সাথে চুক্তি

অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সাথে চুক্তি

তিনি বলেন, একটি কনসোর্টিয়াম গঠন করে মালয়েশিয়া পদ্মা সেতু নির্মাণ করতে চাইছে। এই কনসোর্টিয়ামে স্যামসাংসহ আরও কয়েকটি কোম্পানি আছে।

আমাদের স্বার্থ সমুন্নত রেখেই আমরা পদ্মা সেতু নির্মাণে চুক্তি করবো।

তবে বিশ্বব্যাংকের বাইরে অন্য কোন দেশ বা সংস্থার সঙ্গে অর্থায়ন নিয়ে দরকষাকষি সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পদ্মা সেতুর ঋণদাতা প্রতিষ্ঠান এডিবি ও ইসলামী উন্নয়ন ব্যাংক বেশ উঁচু হারে সুদ নিলেও বিশ্বব্যাংকের সুদের হার ছিল খুবই কম।

বাংলাদেশ প্রকৌশল বিশ্বব্যাংকের সাবেক শিক্ষক, বর্তমানে এশিয়া-প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মনে করেন, সস্তায় ঋণ পাওয়াটাই হবে একটি বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, বাণিজ্যিক ঋণের হার বেশী হওয়া স্বাভাবিক, কারণ তাঁরা বিনিয়োগ করবে লাভ করার জন্যে। এখানে গুরুত্বপূর্ণ হলো, কত বছরের জন্যে এবং কী হারে টোল আদায় করা হবে।

পদ্মা সেতুর নকশা প্রণয়নে সরকার গঠিত বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান এবং একই সাথে পরামর্শক নিয়োগ সংক্রান্ত কমিটিরও আহবায়ক ছিলেন জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, পদ্মা সেতুর নকশা, ড্রয়িং এবং টেন্ডার ডক্যুমেন্টের ৯৯% কাজ শেষ হয়েছে, তাই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ঐ নকশায় সেতু নির্মাণ হবে কিনা।

তিনি জানান, পদ্মা সেতু হবে দ্বিতল, ফলে এটি নির্মাণ ও নদী শাসনে যোগ্য কোম্পানি বাছাই করতে হবে। আছে তদারকি করার কাজ।

বিশ্বের যে কোন মানদণ্ডে পদ্মা সেতু বেশ জটিল ও দুরূহ একটি প্রকল্প।

এদিকে পদ্মা সেতু সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশন সন্তোষজনক সাড়া দেয়নি, এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান গোলাম রহমান।

তিনি বলেন, বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিল করলেও কমিশন দুর্নীতির অভিযোগ তদন্ত করার কাজ চালিয়ে যাবে।

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2013 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻