বিতর্কে বিপিএলের সেমিফাইনাল

BPL

বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামে টি২০ টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বে আসলে কোন দলের খেলার কথা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৻

ঢাকা গ্ল্যাডিয়েটর দলটি সোমবারের খেলায় জিতে সেমিফাইনাল নিশ্চিত করার পর ওই গ্রুপে সমান পয়েন্ট পাওয়া বরিশাল বার্নার্স এবং চিটাগাং কিংসের মধ্যে কে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাবে তা নিয়ে ওই বিতর্ক শুরু হয়৻

গত রাতে প্বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির টেকনিক্যাল কমিটি এক বৈঠক করার পর সিদ্ধান্ত নেয় যে প্রথম সেমিফাইনালে দুরন্ত রাজশাহীর বিরুদ্ধে খেলবে বরিশাল বার্নার্স৻

কিন্তু চিটাগাং কিংস দল এ সিদ্ধান্ত মেনে নিতে পারে নি৻ দলটির কর্ণধার সামির কাদের চৌধুরী দাবি করেন, প্রতিযোগিতার বিধি অনুযায়ী তাদেরই সেমিফাইনালে ওঠার কথা - এবং বিসিবির টেকনিক্যাল কমিটি বরিশাল বার্নার্সকে সেমিফাইনাল খেলানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে প্রতিযোগিতার বিধি লংঘিত হয়েছে৻

শ্রেয়তর নেট রানরেটের ভিত্তিতে ঠিক করা হয়েছে যে সেমিফাইনালে বরিশাল যাবে

গাজী আশরাফ হোসেন, বিসিবির টেকনিক্যাল কমিটি কর্মকর্তা

তবে বিপিএল কর্তৃপক্ষ বলছে এ অভিযোগ ঠিক নয়, এবং পরিসংখ্যানকারীর ভুল ব্যাখ্যার কারণে এ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে৻ বিসিবির টেকনিক্যাল কমিটির গাজী আশরাফ হোসেন বলেন, কোন নিয়মভঙ্গ হয়নি৻ চিটাগাং ও বরিশাল পরস্পরের বিরুদ্ধে একটি করে ম্যাচ জিতেছে তাই শ্রেয়তর নেট রানরেটের ভিত্তিতে ঠিক করা হয়েছে যে সেমিফাইনালে বরিশাল যাবে৻

চিটাগাং কিংস দলের কর্মকর্তা সামির কাদের চৌধুরী এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হবার হুমকিও দিয়েছেন৻ তিনি আরো অভিযোগ করেন, এই টুর্নামেন্টকে ঘিরে জুয়াড়িদের ব্যাপক তৎপরতা এবং তার পরিবারের লোকের বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত থাকা - এসব কারণেই তাদের সেমিফাইনাল থেকে বঞ্চিত করা হয়ে থাকতে পারে৻

তবে বিসিবির টেকনিক্যাল কমিটির গাজী আশরাফ এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ীই তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং এখানে অন্য কোন কিছু ভাবার কোন অবকাশ নেই৻

এই টুর্নামেন্টকে ঘিরে জুয়াড়িদের ব্যাপক তৎপরতা চলছে

সামির কাদের চৌধুরী, চিটাগাং কিংস কর্মকর্তা

এ বিতর্ক সত্বেও আজ প্রথম সেমিফাইনাল ঠিকই অনুষ্ঠিত হয়েছে, এবং তাতে বরিশাল বার্নার্স আট উইকেটে দুরন্ত রাজশাহীকে হারিয়ে ফাইনালে উঠেছে৻

দুরন্ত রাজশাহী প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৪ রান করে৻ জবাবে আহমেদ শেহজাদের অপরাজিত শতরানের ওপর ভর করে ১৬ ওভারেই মাত্র দুটি উইকেট হারিয়ে বরিশাল বার্নার্স ১৮৯ রান করে জয়ী হয়৻

বিপিএল টুর্নামেন্ট চলার সময় ইতিমধ্যেই একাধিকবার স্পট ফিক্সিং সংক্রান্ত অভিযোগ উঠেছে৻

রোববার বাংলাদেশ প্রিমিয়ার লীগের চিটাগাং কিংস এবং বরিশাল বার্নার্সের মধ্যকার খেলা চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে সাজিদ খান নামে এক পাকিস্তানী নাগরিককে আটক করে নিরাপত্তাকর্মীরা। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো: মাইনুল ইসলাম বলেন, পুলিশের হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এই পাকিস্তানী নাগরিক।

এ ছাড়া টুর্নামেন্ট শুরুর দিনেই ঢাকা গ্ল্যাডিয়েটরসের খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা জানিয়েছিলেন যে, তিনি অপর একজন খেলোয়াড়ের কাছ থেকে স্পটি ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন। এবিষয়ে তদন্ত শেষ হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻