
সপরিবারে নেলসন ম্যান্ডেলা
দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনের জীবন্ত কিংবদন্তী ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, পাকস্থলিতে দীর্ঘদিনের সমস্যার কারণে বিশেষ চিকিৎসার জন্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী মি. ম্যান্ডেলার বয়স ৯৩।
নেলসন ম্যান্ডেলার শরীরে অপারেশন করা হয়েছে বলে জানা যাচ্ছে।
বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমার একজন মুখপাত্র জানিয়েছেন যে মি. ম্যান্ডেলা সুস্থ আছেন। তবে মি. ম্যান্ডেলা ও তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যেও আহবান জানিয়েছেন জ্যাকব জুমা।
তাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে সেটা গোপন রাখা হয়েছে।
মাত্র এক বছরের মধ্যে তাকে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি করা হলো।
সাম্প্রতিক সময়ে মি. ম্যান্ডেলার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

দক্ষিণ আফ্রিকার ব্যাঙ্ক নোটে মি. ম্যান্ডেলার ছবি
দক্ষিণ আফ্রিকায় সামাজিক ও রাজনৈতিক জীবন থেকে নেলসন ম্যান্ডেলা বছর আটেক আগে অবসর নিয়েছেন।
২০১০ সাল বিশ্বকাপ ফুটবলের সমাপণী অনুষ্ঠানে শেষবারের মতো তিনি জনসম্মুখে হাজির হয়েছিলেন।
বর্ণবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি প্রায় ২৭ বছর কারাগারে আটক ছিলেন। মুক্তি পান ১৯৯০ সালে।
মুক্তি পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন নেলসন ম্যান্ডেলা।
দক্ষিণ আফ্রিকার জনগণের কাছে তিনি অনেক বেশি পরিচিতি মাদিবা নামে।










