আন্তর্জাতিক রেডক্রস জানিয়েছে, তারা সিরিয়ার হোমস শহরে সরকারি বাহিনীর আক্রমণে আহতদের সরিয়ে নিয়ে যাবার কাজ শুরু করেছে।
হমস শহরের বাবা আমর এলাকায় প্রথম এই কার্যক্রম শুরু হয়।
শহরটি বেশ কিছুদিন বেশ বড় আক্রমণের স্বীকার।

প্রথমের এম্বুলেন্সে করে আহত নারী ও শিশুদের সরিয়ে নিয়ে যাবার কাজ শুরু হয়।
এর মধ্যে কদিন আগে আহত বিদেশি সাংবাদিকও রয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।
রেডক্রস জানিয়েছে, তারা মানবিক ত্রাণ সাহায্য পৌঁছানোর লক্ষ্যে সিরিয়ার সরকারের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে।
এদিকে সিরিয়ার চলমান সঙ্কট নিয়ে আলোচনার জন্য তিউনিসিয়ার রাজধানীতে শুরু হওয়া আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এসে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সউদ আল ফয়সাল, সিরিয়ার বিরোধীদের অস্ত্র সহায়তা দেবার ব্যাপারে মত প্রকাশ করেছেন।
এই সম্মেলনে যোগ দিচ্ছেন ৭০ টি আরব এবং বেশ কিছু পশ্চিমা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলির সমন্বয়ে গঠিত সিরিয়ান ন্যাশনাল কংগ্রেসকে স্বীকৃতি দিয়েছে অংশগ্রহণকারী দেশ সমূহ।
তবে সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন এবং রাশিয়া এই সম্মেলনে যোগ দিচ্ছে না।










