সীমান্তে হত্যা পুরোপুরি বন্ধের দাবি

bangla_sahara_chidambaram

দিল্লিতে ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা (ছবি : পিআইবি)

দিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ঢাকা দাবি তুলেছে দুদেশের সীমান্তে বিএসএফের গুলিচালনা ও হত্যার ঘটনা শূন্যে নামিয়ে আনতে হবে৻

বাংলাদশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তাঁর দিল্লি সফরে এদিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠকে এই বক্তব্য তুলে ধরেন৻

বৈঠকের পরে দুজনের যৌথ সাংবাদিক বৈঠকে মিস খাতুন জানান, সীমান্তে গুলিচালনা বা হত্যার ঘটনা অনেক কমে এসেছে ঠিকই, কিন্তু সেটা একেবারে শূন্যে না-নেমে আসা পর্যন্ত দ্বিপাক্ষিক সম্পর্কে অস্বস্তির কাঁটা রয়েই যাবে৻

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম যত দ্রুত সম্ভব যৌথ সীমান্ত ব্যবস্থাপনা চালু করার ওপর জোর দেন, যার আওতায় দুদেশের সীমান্তরক্ষীরা যৌথ টহলদারি চালাবে বলে ইতিপূর্বেই সিদ্ধান্ত হয়েছে৻

সীমান্তে গুলিচালনা ও হত্যার ঘটনা কমেছে ঠিকই, কিন্তু এটা একেবারে শূন্যে নামিয়ে আনা দরকার

সাহারা খাতুন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

এই উদ্দেশে ভারত ইতিমধ্যেই ২৩টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ বর্ডার আউটপোস্ট বা সীমান্ত চৌকির তালিকা বাংলাদেশের হাতে তুলে দিয়েছে বলে মি চিদম্বরম জানান৻

বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দুদেশের মধ্যে স্বাক্ষরিত প্রোটোকল চুক্তির দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান৻

দুদেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও শেখ হাসিনার মধ্যে গত সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত এই চুক্তিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময়ের কথা বলা হয়েছে৻

গত বছর মনমোহন সিংহের বাংলাদেশ সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বেশ কয়েকমাস কেটে গেছে, কিন্তু এর বাস্তবায়নে এখনও তেমন কোনও অগ্রগতি হয়নি৻

bangla_sahara_manmohan

দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাহারা খাতুন (ছবি : পিআইবি)

বাংলাদেশের পক্ষ থেকে এদিনের বৈঠকে আরও জানানো হয়, শেখ মুজিবর রহমানের হত্যাকান্ডে শাস্তিপ্রাপ্তদের অন্যতম, ফাঁসির আসামি মোসলেহউদ্দিন এখনও ভারতে রয়েছেন বলে তাঁদের কাছে খবর – তাঁকে খুঁজে বের করার জন্য ভারত যেন সাহায্য করে৻

এই অনুরোধের জবাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম বলেন, ভারতের গোয়েন্দারা, বিশেষ করে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী মোসলেহউদ্দিনকে খোঁজার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে৻

মি চিদম্বরমের সঙ্গে বৈঠক ছাড়াও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এদিন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন৻

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ড: গওহর রিজভিও দিল্লিতে দুজনের সেই বৈঠকের সময় উপস্থিত ছিলেন৻

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2013 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻