
নোবেলজয়ী ড: মুহাম্মদ ইউনুস
নোবেল বিজয়ী ড: মুহাম্মদ ইউনুসকে বিশ্ব ব্যাংকের প্রধান করার ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা।
ঢাকায় তাদের সফরের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবকে ইতিবাচক বলে বর্ণনা করেছে। তবে তাঁরা সেই সঙ্গেই বলেছেন এই প্রস্তাবের ব্যাপারে ইউরোপীয় পার্লামেন্টের কিছু করার সুযোগ নেই।
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছিল গতকাল বুধবার। সেই বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড: ইউনুসকে বিশ্বব্যাংকের প্রধান করার প্রস্তাব দেওয়ার বিষয়ে খবর প্রকাশ হলে, তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
এর কারণ ড: ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ায় তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কের টানাপোড়েন চলে আসছে দীর্ঘ সময় ধরে।
আলোচনার টেবিলে শেখ হাসিনার কাছ থেকে এই প্রস্তাবটি এসেছে আর একে আমরা ইতিবাচক দৃষ্টিতেই দেখেছি
জিন ল্যাম্বার্ট, ইউরোপীয় প্রতিনিধিদলের নেতা
সেই প্রেক্ষাপটে ড: ইউনুসকে নিয়ে প্রধানমন্ত্রীর এমন প্রস্তাব অনেকটা অবাক হওয়ার মতো বিষয় বলেই বিশ্লেষকদের অনেকে বলছেন। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এই প্রস্তাব পাওয়ার কথা সরাসরি স্বীকার করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের প্রধান জিন ল্যাম্বার্ট ।
মিস ল্যাম্বার্ট এদিন বলেছেন, আলোচনার টেবিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তারা প্রস্তাবটি পেয়েছেন। ড:ইউনুসকে বিশ্বব্যাংকের প্রধান করার এই প্রস্তাব তাঁরা ইতিবাচক হিসেবে নিয়েছেন বলেও তিনি জানান।
একই সাথে মিস ল্যাম্বার্ট বলেছেন, বিশ্বব্যাংকের প্রধান নিয়োগে ইউরোপীয় পার্লামেন্টের সরাসরি কিছু করার নেই । কেবল বিভিন্ন দেশের সরকারগুলোই এই আন্তর্জাতিক সংস্থার সদস্য বলে তিনি উল্লেখ করেছেন।
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সংবাদ সম্মেলনে ঘুরে ফিরেই ড: ইউনুস প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা। সেখানে এমন প্রশ্নও এসেছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐ প্রস্তাব রাজনৈতিক পরিহাস ছিল কি না৻ এর জবাবে জীন ল্যাম্বার্ট বলেছেন, এটি প্রস্তাব হিসেবেই তারা দেখছেন।
মিস ল্যাম্বার্ট বলছিলেন, কেউ এমন প্রস্তাব দিতে পারেন। কেউ প্রস্তাব দিলে সেটাকে উপহাস হিসেবে দেখা উচিত নয় বলেও তিনি উল্লেখ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি মন্তব্য করেছেন, ড: ইউনুস উন্নয়নশীল বিশ্ব সম্পর্কে ভালভাবেই অবগত আছেন। তবে বিশ্বব্যাংকের প্রধানের পদে নিয়োগের ক্ষেত্র্রে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে করণীয়সহ অনেক বিষয় বিবেচনার রয়েছে।
ড: ইউনুস প্রসঙ্গটির বাইরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা। তাতে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের জিন ল্যাম্বার্ট সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন।
মিস ল্যাম্বার্ট বলেন, নির্বাচন নিয়ে এখন বাংলাদেশে অনেক বিধান রয়েছে। তবে নির্বাচন কীভাবে অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে, সে ব্যাপারে নির্বাচনের অনেক আগে অর্থাৎ এখনই সংসদে আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে।
ঢাকায় পাঁচদিনের সফরে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিধিদলটি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীসহ বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলেছেন।
সফরের শেষে সংবাদ সম্মেলনে এই প্রতিনিধিদলটি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে বাংলাদেশীদের নিহত হওয়ায় ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছেন।
BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়
কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻