সোমালিয়া নিয়ে লন্ডনে সম্মেলন

somalian pirates

সোমালি জলদস্যুরা সারা বিশ্বের উদ্বেগ

গত দু'দশক ধরে বিশ্বে ব্যর্থ রাষ্ট্রের প্রতীক হয়ে দাঁড়িয়েছে সোমালিয়া৻

বিশ বছর ধরে সোমালিয়াতে কার্যত কোন সরকার নেই৻ গৃহযুদ্ধে জর্জরিত হয়ে পড়েছে দেশটি৻ সেই সাথে হয়ে উঠেছে জলদস্যুদের আখড়া৻ সোমালিয়া নিয়ে সবশেষ যে উদ্বেগ পশ্চিমা বিশ্বে তৈরী হয়েছে তা হলো দেশটি আল কায়দার দর্শনে বিশ্বাসী জঙ্গী ইসলামের একটি ঘাঁটিতে পরিণত হচ্ছে৻

আর সে কারণে ব্রিটেন, তাদের বর্তমান বাজেট সঙ্কট সত্বেও সোমালিয়ার পুর্নগঠনে সমন্বিত একটি পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্য নিয়ে লন্ডনে বৃহস্পতিবার আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করেছে৻

somalia

লন্ডন সম্মেলনে সোমালীয় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

আমরা যদি চুপ করে বসে শুধু এগুলো দেখি, আমাদের কড়া মূল্য দিতে হবে

ডেভিড ক্যামেরন, ব্রিটিশ প্রধানমন্ত্রী

উদ্বোধন করতে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন সোমালিয়াকে আরো বেশিদিন অবজ্ঞা করলে পুরো বিশ্বকে তার কড়া মূল্য দিতে হবে৻

মি: ক্যামেরন বলেন,“যে দেশে মানুষের কোন আশাবাদ নেই, বিশৃঙ্খলা সহিংসতা যেখানে স্বাভাবিক ঘটনা, জলদস্যুরা যেখানে বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে এবং পর্যটকদের অপহরন করছে, যেখানে তরুণদের ভেতর জঙ্গীবাদের বিষ ঢোকানো হচ্ছে যা শুধু সোমালিয়ার জন্য নয় পুরো বিশ্বের জন্য হুমকি৻ আমরা যদি চুপ করে বসে শুধু এগুলো দেখি, আমাদের কড়া মূল্য দিতে হবে৻“

ব্রিটিশ-সোমালিদের জঙ্গী প্রশিক্ষণ

সোমালিয়া নিয়ে ব্রিটেনের আশঙ্কার পেছনে যথেষ্ট কারণ রয়েছে৻

তার একটি হচ্ছে -- ব্রিটেন থেকে অভিবাসী সোমালি তরুণদের নিয়ে গিয়ে জঙ্গী প্রশিক্ষণ দিচ্ছে ইসলামী জঙ্গী গোষ্ঠী আল শাবাব৻ ব্রিটেনের আশঙ্কা এরা যে কোন সময় ব্রিটেনে জঙ্গী হামলা চালাতে পারে৻

ব্রিটিশ নিরাপত্তা বিষয়ক গবেষণা সংস্থা রুসির হিসাবে অন্তত ৫০জনের মত ব্রিটিশ পাসপোর্টধারী সোমালি তরুণ এখন এই জঙ্গী প্রশিক্ষণ নিচ্ছে৻

আল শাবাবকে নিয়ে ইথিওপিয়া, কেনিয়া সহ আশপাশের দেশগুলোতেও উদ্বেগ বাড়ছে৻ সাথে সোমালি জলদস্যুদের উৎপাতে বিশ্বজুড়ে শঙ্কা তৈরী হয়েছে৻

জাতিসংঘ ছাড়াও পঞ্চাশটিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন লন্ডনের এই সম্মেলনে৻ নিয়ে আসা হয়েছে সোমালিয়ার অস্থায়ী সরকারের প্রেসিডেন্ট সহ বিভিন্ন গোষ্ঠী ও দলের প্রতিনিধিদের৻ তবে অবজ্ঞা করা হয়েছে আল শাবাবকে৻

আমরা জানতে চাই অতীতের বিভিন্ন প্রস্তাব, উদ্যোগ, আশা কেন দিনের আলো দেখতে পায়নি৻

শেখ শরিফ শেখ আহমেদ, সোমলিয় অস্থায়ী সরকার প্রধান

somalia

লন্ডন সম্মেলনে হিলারি ক্লিনটন

পশ্চিমা উদ্যোগ নিয়ে সন্দিহান সোমালিয়া

গত বিশ বছরে অন্তত ১৪বার সোমালিয়ার ব্যাপারে আন্তর্জাতিক উদ্যোগ নেয়া হয়েছে, কিন্তু প্রতিবারই তা ব্যর্থ হয়েছে৻ সেই অভিজ্ঞতা থেকে সোমালিরা পশ্চিমা উদ্যোগ ও প্রতিশ্রুতি নিয়ে সন্দীহান৻

সোমালিয়ার অস্থায়ী সরকারের প্রধান শেখ শরিফ শেখ আহমেদ বলেন তাঁরা এমন কিছু দেখতে ‌এবং শুনতে চান যাতে ভবিষ্যত নিয়ে আশাবাদী হতে পারেন৻

“আমরা ভবিষ্যত নিয়ে শঙ্কিত৻ ভবিষ্যত নিয়ে আমরা ভাবতে চাই, কিন্তু আমরা জানতে চাই অতীতের বিভিন্ন প্রস্তাব, উদ্যোগ, আশা কেন দিনের আলো দেখতে পায়নি৻ সেগুলো কেন শুধু কাগজে কলমে থেকে গেল, শুধু কথার কথা থেকে গেল৻“

তবে ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু মিচেল বলছেন এবারের উদ্যোগটি ব্যাতিক্রমী৻ তিনি বলেন, এর আগে বার বার সোমালিদের ওপর ফরমুলা চাপিয়ে দেয়া হয়েছে, ফলে তা ব্যর্থ হয়েছে৻

মি: মিচেল বলেন, এবার সোমালিয়ার বাস্তবতা বিবেচনা করা হচ্ছে এবং সমস্যা সমাধানে সোমালিদের সম্পৃক্ত করা হচ্ছে৻

ব্রিটেনের সমালোচনায় আল শাবাব

লন্ডনের এই সম্মেলনকে নিন্দা করে আল শাবাব গোষ্ঠী বলছে ব্রিটেন চাইছে আবারো সোমালিয়াকে আবারো তাদের উপনিবেশ বানাতে চাইছে৻

তারা আমাদের প্রভু হতে চায়৻ কিন্তু আমরা তা হতে দেব না

শেখ আলী রেগে, মুখপাত্র, আল শাবাব

এক বিবৃতিতে আল শাবাবের মুখপাত্র শেখ আলী রেগে বলেন, লন্ডনের সম্মেলন ব্যর্থ হবে৻

“তারা আমাদের প্রভু হতে চায়৻ কিন্তু আমরা তা হতে দেব না৻ আমেরিকা চেষ্টা করেছে, পারেনি৻ আফ্রিকার অন্যান্য দেশ চেষ্টা করেছে৻ ব্যার্থ হয়েছে৻ ব্রিটেন যদি স্বপ্ন দেখে, ভুল করবে৻“

সোমালিয়ার অধিকাংশ এলাকা আল শাবাবের নিয়ন্ত্রণে৻ সরকার কার্যত নেই বলে খরা-দুর্ভিক্ষে মানুষের কষ্ট অনেক বেশি হচ্ছে৻ সরকারের নিয়ন্ত্রন দুর্বল বলে সোমালিয়ার সমাধান সোমালিদের মাধ্যমে করার পরিকল্পনা কার্যকরি করা কঠিন হবে৻

তাছাড়া সোমালিয়ায় বর্তমানে তিনটি দেশের সৈন্য রয়েছে যেটা সোমালিরা হয়ত বেশিদিন সহ্য করবে না৻

অধিকাংশ পর্যবেক্ষকরা তাই মনে করছেন, সোমালিয়ার সঙ্কটের কোন সহজ এবং আশু সমাধান নেই৻

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻