
ফারাক্কা বাঁধের ক্ষতিগ্রস্থ একটি লকগেট
দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আজকের (বুধবারের) বৈঠকে ফারাক্কা বাঁধ এবং গঙ্গা চুক্তির ইস্যু অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল৻
বৈঠকে মমতা ব্যানার্জী অভিযোগ করেন ফারাক্কা বাঁধের দুটি লকগেট ভেঙ্গে যাওয়ায় চুক্তির থেকেও বেশী পরিমানে জল বাংলাদেশে প্রবাহিত হচ্ছে এবং তাতে পশ্চিমবঙ্গের ক্ষতি হচ্ছে ৻
ওই ব্যারাজের দুটি ভাঙ্গা লকগেট সময়মতো না সারিয়ে পরিকল্পনামাফিক পশ্চিমবঙ্গকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা ব্যানার্জী৻
এ ব্যাপারে মঙ্গলবার একটি চিঠিও দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীকে৻
উচ্চ পর্যায়ের তদন্ত
মিস ব্যানার্জী জানিয়েছেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং তাৎক্ষনিকভাবে বিষয়টি উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন৻
বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন বাংলাদেশের সাথে গঙ্গা চুক্তির ফলে ভারত আর তাঁর রাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে৻ কিন্তু, তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের কথা ভেবে তিনি মেনে নিয়েছেন৻

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী
মিস ব্যানার্জী বলছেন ফারাক্কা বাঁধের দুটি অন্যতম প্রধান লকগেটের একটি গতবছর জুন মাস থেকে আর অন্যটি গত ডিসেম্বরে ভেঙ্গে গেলেও সে দুটো মেরামতের কোনও উদ্যোগই নেওয়া৻
এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বলে প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের (বুধবারের) বৈঠকে উল্লেখ করেছেন মিস ব্যানার্জী৻
কিছুদিন আগে যখন ভাঙ্গা লকগেট দুটির খবর জানা যায়, তখন রাজ্যের সেচদপ্তর আর বিদ্যুৎদপ্তরের দুই মন্ত্রী সরেজমিনে তদন্ত করে মূখ্যমন্ত্রীকে একটি রিপোর্ট দেন৻
মন্ত্রীদের ওই প্রতিবেদনে বলা হয়েছে লকগেট দুটি ভেঙ্গে যাওয়ার ফলে সেগুলো দিয়ে অনিয়ন্ত্রিতভাবে গঙ্গার জল বাংলাদেশে যাচ্ছে৻ অন্যদিকে ফিডার ক্যানেল দিয়ে ভাগীরথীতে যে জল প্রবাহিত হয় – তার পরিমান অনেকটাই কমে গেছে৻
ভয়াবহ পরিস্থিতির সম্মুখিন রাজ্য
বিদ্যুৎ দপ্তরের ওই রিপোর্টটিতে বলা হয়েছে যে এখনই ব্যবস্থা না নিলে ফারাক্কা আর সাগরদিঘীর দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র, ভাগিরথীতে নৌচলাচল, পানীয় জল সরবরাহ সহ বিভিন্ন পরিষেবা ব্যাহত হবে৻ কলকাতা বন্দরেও নাব্যতার সমস্যা হবে৻

ইতিমধ্যেই ভাগিরথীতে বেশ কয়েকটি নৌযান চরায় আটকে গেছে বলে সরকারী সূত্রগুলোর জানিয়েছে৻
মমতা ব্যানার্জী বুধবারের বৈঠকে প্রধানমন্ত্রীকে বলেছেন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে পশ্চিমবঙ্গ৻
ইতিমধ্যেই ভাগিরথীতে বেশ কয়েকটি নৌযান চরায় আটকে গেছে বলে জানা গেছে৻
ফারাক্কা পরিদর্শনের পরে মন্ত্রীদের রিপোর্টে লেখা হয়েছে লকগেট ভেঙ্গে যাওয়ার ফলে জলাধারের স্তর যে নেমে গেলেও বাংলাদেশ পক্ষান্তরে উপকৃত হচ্ছে৻
রিপোর্টে আরো মন্তব্য করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশকে জল উপহার দিতে পরিকল্পনা মাফিক ম্যানমেড ডিসাস্টারের দিকে পশ্চিমবঙ্গকে ঠেলে দেওয়া হচ্ছে৻
ক্রিমিনাল কন্সপিরেসি অর্থাৎ অপরাধী চক্রান্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি ওই রিপোর্টে৻
অন্যদিকে, বাংলাদেশ নদী কমিশনের একজন কর্মকর্তা বলেছেন ফারাক্কা দিয়ে চুক্তির বেশি জল এলেও জলাধার না থাকায় তাতে বাংলাদেশের কোন লাভ হচ্ছেনা৻
BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়
কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻