বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি পালন

ekushey_feb21

শহীদ মিনার

বাংলাদেশে আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মারক দিন একুশে ফেব্রুয়ারি৻

১৯৫২ সালের এই দিনে বাংলাকে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর পুলিশ গুলি চালালে আবুল বরকত, সালাম, রফিকউদ্দিন এবং জব্বারসহ আরো অনেকে নিহত হন৻ এই দিনটিকে পরে জাতিসংঘ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস‘ হিসেবে ঘোষণা করে৻

কিন্তু ভাষা আন্দোলনের ৬০ বছর পরে বাংলা ভাষার কি যথেষ্ট চর্চা হচ্ছে বাংলাদেশে? শহীদ মিনারে আসা হাজার হাজার মানুষের মধ্যে বেশ কয়েকজনের সাথে আমি কথা বলেছি এ নিয়ে৻

মাতৃভাষার অধিকার রক্ষার দাবীতে যে শহীদেরা প্রাণ দিয়েছিলেন তাদেরকে যে মানুষ ভোলেনি - তা বোঝা যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল দেখে। একুশের প্রথম প্রহরে প্রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রীর আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পর থেকেই সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনারে। ভোর থেকে এই ভীড় আরো বাড়তে শুরু করে।

কিশোর-তরুণ-বৃদ্ধদের পাশাপাশি মা-বাবার হাত ধরে এসেছিল শিশুরাও।

শিশুরা এখন ভিন্ন ভাষার, বিশেষ করে হিন্দি চ্যানেলের অনুষ্ঠানের দিকে আকৃষ্ট হয়ে পড়ছে

একুশের অনুষ্ঠানে একজন অভিভাবক

স্বাধীনতাপূর্ব এবং স্বাধীন বাংলাদেশে সর্বস্তরে বাংলা ভাষা চালুর একটি দাবী সবসময়ই ছিল। কিন্তু তা কতটুকু বাস্তবায়ন হয়েছে? বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে কি বাংলা ভাষা ও সংস্কৃতির যথেষ্ট চর্চা রয়েছে? এ প্রশ্ন করেছিলাম কয়েকজন অভিভাবককে৻

তারা বলছিলেন, বাংলাদেশের গণমাধ্যমে যথেষ্ট পরিমান শিশুতোষ অনুষ্ঠান না থাকায় শিশুরা এখন ভিন্ন ভাষার, বিশেষ করে হিন্দি চ্যানেলের অনুষ্ঠানে দিকে আকৃষ্ট হয়ে পড়ছে। কেউ কেউ বললেন, এতে তাদের সন্তানেরা ভালো করে বাংলা শিখছে না।

অনেকে এমনও মনে করেন যে বাংলা শেখানোর ক্ষেত্রে অভিভাবকদেরও উদাসীনতা রয়েছে।

শুধুমাত্র নতুন প্রজন্মই নয়, কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে বাংলা ভাষার চর্চা নিয়েও অসন্তুষ্টি রয়েছে অনেকেরই।

চাকুরীজীবীদের যেমন কর্মক্ষেত্রে বাংলার ব্যবহার কম থাকা নিয়ে অভিযোগ রয়েছে, তেমনি শিক্ষার্থীদর অভিযোগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলায় যথেষ্ট পরিমাণে বই না থাকায় তারা বাংলা সাহিত্য-সংস্কৃতি এবং ইতিহাস শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে বিশেষ কোর্স রাখার কথাও বললেন অনেকে।

ভাষার অধিকার রক্ষার জন্য মানুষের প্রাণ দেয়া, বা প্রতিবছর এতো বড় আয়োজনের মধ্য দিয়ে নিজ ভাষাকে সম্মান জানানো - এমনটা গোটা পৃথিবীতেই বিরল৻

কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষার চর্চা এবং এর ভবিষ্যত নিয়ে বাংলাদেশের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা কি শুধুমাত্র একটি দিনকে ঘিরেই?

অনেকেই মনে করছেন, এ প্রশ্নের উত্তরই বলে দেবে বাংলা ভাষা চর্চার ভবিষ্যৎ নিয়ে কোন শংকা আছে কি নেই।

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻