হমসে সিরিয় সৈন্যদের সাঁড়াশি হামলা

syria homs

হোমসের উপকন্ঠে সিরীয় ট্যাংক

সিরিয়ার হমস শহরের বাসিন্দারা বলছেন আজ (বুধবার) সকালে সেখানে গত পাঁচদিনের মধ্যে সবচেয়ে বেশিমাত্রায় গোলাবর্ষণ করা হয়েছে৻

বিরোধী আন্দোলনকারীরা বলছেন হমসে একদিনে অন্তত ৪০ জন লোক নিহত হয়েছে৻ অনেক জায়গায় বিদ্যুতের সরবরাহ কেটে দেয়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে৻

বিবিসির সংবাদদাতা পল উড হমসের উপকন্ঠে বিদ্রোহী যোদ্ধাদের সাথে রয়েছেন৻ গত দুদিন তিনি শহরের ভেতরেই ছিলেন, কিন্তু গোলাবর্ষণ বাড়তে তিনি শহরের বাইরে বেরিয়ে যান৻

সেখান থেকে তিনি জানাচ্ছেন, গত পাঁচদিনের মধ্যে বুধবারের গোলাবর্ষণ সবচে মারাত্মক৻ সাথে সাবিহা নামে সরকারপন্থী মিলিশিয়ারাও তৎপর রয়েছে হোমসে৻

আমরা ফ্রি সিরিয়ান আর্মির জন্য সাহায্য চাই তারপর আমরা নিজেরাই (প্রেসিডেন্ট) বাশারের মোকাবেলা করতে পারব

ওমর, হোমসের বাসিন্দা

শহরের মানুষজন ভয়ে বাইরে বেরুতে পারছে না৻

বিরোধীদের পক্ষ থেকে দাবী করা হচ্ছে বুধবারের গোলাবর্ষণে ৪০ জনের মত মারা গেছে৻ নিহতদের মধ্যে ১৮টি সদ্যোজাত শিশু৻ বলা হচ্ছে হাসপাতালে বিদ্যুৎ না থাকায় ইনকিউবিটরে থাকা এই শিশুরা মারা গেছে৻

তবে পাশের দেশ লেবানন থেকে বিবিসির আরেক সংবাদদাতা জিম মিউর বলছেন এসব মৃতের সংখ্যা নিয়ে সন্দেহ করার অবকাশ রয়েছে৻

হতাশ হমসের বাসিন্দারা

হমস থেকে ওমর নামে সেখানকার এক বাসিন্দা টেলিফোনে বিবিসির কাছে তার হতাশা প্রকাশ করে বলেন, শুধু কথা না বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মিকে সাহায্য করা৻ “আমরা ফ্রি সিরিয়ান আর্মির জন্য সাহায্য চাই তারপর আমরা নিজেরাই প্রেসিডেন্ট বাশারের মোকাবেলা করতে পারব“৻

কিন্তু বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির যোদ্ধারা কতটা প্রতিরোধ করতে পারছে? এ প্রশ্নে হমস থেকে বিবিসির পল উড বলেন তেমন উল্লেখযোগ্য কোন প্রতিরোধে নেই৻

বিদ্রোহীরা অপেক্ষা করছে পক্ষত্যাগের কারণে সেনাবাহিনী ভেতর থেকেই ভেঙ্গে পড়বে

পল উড, বিবিসি সংবাদদাতা

তিনি জানান সৈন্যরা শহরে হামলা শুরু করার পর বিদ্রোহীদের পক্ষ থেকে প্রচুর গোলাগুলি করা হয়, কিন্তু পরে বিদ্রোহী কম্যান্ডাররা গোলাগুলি সঞ্চয় করে রাখার সিদ্ধান্ত নিয়েছে৻

সবে পক্ষত্যাগি একজন কর্নেলকে উদ্ধৃত করে পল উড বলেন, বিদ্রোহীরা অপেক্ষা করছে পক্ষত্যাগের কারণে সেনাবাহিনী ভেতর থেকেই ভেঙ্গে পড়বে৻

তবে পল উড বলেন, এখন পর্যন্ত উল্লেখযোগ্য মাত্রার কোন পক্ষ ত্যাগের ইঙ্গিত অন্তত তিনি দেখছেন না৻ বরঞ্চ শোনা যাচ্ছে, সেনাবাহিনীর বিশেষ ইউনিটকে হমসে পাঠানো হচ্ছে৻ “মানুষজন আশঙ্কা করছে সৈন্যরা শহরের ভেতরে ঢুকবে“৻

হমস সেনা অভিযান জোরদার করার খবর এমন সময় আসছে যখন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মাত্র গতকালই সিরিয়া সফর করেছেন৻

আবারো রাশিয়ার হুশিয়ারি

বিবিসির কূটনৈতিক সংবাদদাতা জনাথন মার্কাস বলছেন, হমস প্রেসিডেন্ট আসাদের জন্য বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে৻ “হমসে বিদ্রোহ দমনে সমর্থ হলে তার তাঁর ক্ষমতাকাল হয়ত কিছুটা বাড়বে, তবে ঐ শহরে বড় কোন রক্তপাতের ফলে সরকারবিরোধী আন্দোলনের জন্য হমস একটি জোরালো প্রতীক হয়ে উঠতে পারে৻“

ওদিকে রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন সিরিয়ায় বাইরের কারো হস্তক্ষেপের ব্যাপারে আবারো সতর্ক করে দিয়েছেন৻

সমস্যা সামাধানের একমাত্র উপায় সিরীয়দের নিজেদের মধ্যে মীমাংসায় বসা

সের্গেই লাভরভ, রুশ পররাষ্ট্রমন্ত্রী

রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ দামেস্কে গিয়ে প্রেসিডেন্ট বাশারের সাথে মঙ্গলবার বৈঠক করেছেন৻

মস্কো ফিরে বুধবার এক সংবাদ সম্মেলনে মিঃ লাভরভ বলেন, সিরিয়ার সমস্যা সামাধানের একমাত্র উপায় সিরীয়দের নিজেদের মধ্যে বোঝাপড়া মীমাংসায় বসা৻ তিনি বলেন, সেরকম উদ্যোগে আরব এবং পশ্চিমাদের সহযোগিতা করা উচিৎ৻

রুশ মন্ত্রী বলেন. রাশিয়া চায় কোন শর্ত ছাড়াই সিরিয়ার সরকার সহিংসতা বন্ধ করুক৻ কিন্তু একইসাথে তিনি বলেন, অন্য পক্ষ থেকেও এক ধরণের সাড়া প্রয়োজন কারণ অন্য পক্ষও সহিংস আচরণ করছে৻

মিঃ লাভরভ জানান, প্রেসিডেন্ট আসাদ সেই মীমাংসা আলোচনার উদ্যোগ নিয়েছেন এবং ভাইস প্রেসিডেন্ট ফারুক আল শারাকে সমস্ত বিরোধী গোষ্ঠিগুলোর সাথে যোগাযোগের দায়িত্ব দিয়েছেন৻

তবে সে ধরণের মীমাংসায় সিরিয়ার বিরোধীদের বিন্দুমাত্র আগ্রহ আছে, সেই ইঙ্গিত নেই৻ সিরিয়ার বৃহত্তম বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের নেতা বুরহাস ঘালিউন মন্তব্য করেছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর দামেস্ক সফর একটি আগ্রাসী আচরণ৻

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻