বাংলাদেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ শপথ নিয়েছেন৻
বৃহস্পতিবার বিকেলে তাঁকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন৻

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বুধবার সাবেক সচিব কাজী রকিবউদ্দীন আহমেদকে নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন৻
কাজী রকিবউদ্দীন আহমেদ ২০০৩ সালে সরকারি চাকুরি থেকে অবসরে যান৻
রাষ্ট্রপতি জিল্লুর রহমান বুধবার চার জন নির্বাচন কমিশনারও নিয়োগ করেন৻ এরা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাবেদ আলী এবং সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহনেওয়াজ৻
মোঃ শাহনেওয়াজ ছাড়া অন্য তিন নির্বাচন কমিশনারও শপথ নিয়েছেন৻
উল্লেখ্য এর আগে মঙ্গলবার একটি নুতন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে দশ জনের একটি তালিকা পেশ করে অনুসন্ধান কমিটি৻
বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে তালিকাটি পেশ করার পর অনুসন্ধান কমিটির তরফ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, এই তালিকায় বিদায়ী কমিশনারদের কারও নাম নেই৻
দশ জনের এই তালিকায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দুজনের নাম প্রস্তাব করা হয়েছিল৻ এরা হচ্ছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং সাবেক সচিব কাজী রকীব৻ নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাব করা হয় আট জনের নাম৻
পূর্ববর্তী প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা এবং অপর এক সদস্য ছহুল হোসেন এ সপ্তাহেই তাদের মেয়াদ শেষ করেন৻ কমিশনের অপর সদস্য সাখাওয়াত হোসেনের মেয়াদও এমাসেই শেষ হচ্ছে৻
প্রধান বিরোধী দল বিএনপি এখনো পর্যন্ত নতুন প্রধান নির্বাচন কমিশনারের ব্যাপারে কোন প্রতিক্রিয়া জানায় নি৻ তবে বিএনপি আগেই জানিয়ে দিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ব্যাপারে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনে কোন নিয়োগই তাদের কাছে গ্রহণযোগ্য হবে না৻










