লাভরভকে আসাদের প্রতিশ্রুতি

রুশ পররাষ্ট্রমন্ত্রীকে দামেস্কে স্বাগত জানাচ্ছেন প্রেসিডেন্ট আসাদের সমর্থকরা

রুশ পররাষ্ট্রমন্ত্রীকে দামেস্কে স্বাগত জানাচ্ছেন প্রেসিডেন্ট আসাদের সমর্থকরা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার দেশে সহিংসতা বন্ধে নতুন প্রতিশ্রুতি দিয়েছেন।

দেশটিতে সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট আসাদ সিরিয়ায় বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে সংলাপের প্রক্রিয়া শুরু করতেও প্রস্তুত রয়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া এবং চীনের অবস্থান নিয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনার মুখে মস্কো দেখাতে চাইছে, সমস্যা সমাধানের বিকল্প উপায় তাদের হাতে আছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার ভিটোর পর পশ্চিমা বিশ্বের ক্ষোভ ও সমালোচনার মধ্যেই মি. লাভরভ সিরিয়া সফর করছেন৻

বিপুল সংবর্ধনা

সংবাদদাতারা বলছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে বিজয়ী বীরের মতো সংবর্ধনা দেওয়া হয়েছে৻

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হচ্ছে, দশ লাখের মতো মানুষ যারা প্রেসিডেন্ট আসাদের সমর্থক, মি. লাভরভকে ধন্যবাদ জানাতে রাস্তায় নেমে আসেন৻

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ

সংবাদদাতারা বলছেন, গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার ব্যাপারে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিলো তাতে ভিটো দেয়ার কারণে ধন্যবাদ জানাতেই মি. লাভরভকে এভাবে স্বাগত জানানো হলো৻

রাজধানীর বাইরে দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতেও একই ধরনের সমাবেশ হয়েছে৻

ধারণা করা হচ্ছে, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভিটো দেওয়ার সিদ্ধান্তে রাশিয়া যে খুব একটা অনুতপ্ত নয় সেটা তুলে ধরতেই রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই সফর৻

এর আগে পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়ার জবাবে মি. লাভরভ তাকে উন্মত্ত এবং স্নায়ুবিকারগ্রস্ত বলে উল্লেখ করেছেন৻

সফরে আসার আগে তিনি বলেছেন, এই সঙ্কটের ভারসাম্যপূর্ণ সমাধানের প্রয়োজন৻ বাইরে থেকে এর কোনো সমাধান চাপিয়ে দেওয়া ঠিক হবে না৻

সফরের উদ্দেশ্য

শনিবার চীন ও রাশিয়ার ভিটোর পর পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়৻

প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে প্রায় দশ মাস আগে

প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে প্রায় দশ মাস আগে

যুক্তরাষ্ট্র সোমবার দামেস্কে তার দূতাবাস বন্ধ করে দিয়েছে৻ ব্রিটেনও তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে এবং তারপর মঙ্গলবার ইটালি ও ফ্রান্সও তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে৻

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রাশিয়া ও চীনের সিদ্ধান্তকে ‘হাস্যকর‘ বা ‘তামাশাপূর্ণ‘ বলে উল্লেখ করেছেন৻ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন যে, এই সিদ্ধান্তে তিনি স্তম্ভিত হয়েছেন৻

সংবাদদাতারা বলছেন যে, রুশ পররাষ্ট্রমন্ত্রী তার এই সফরের উদ্দেশ্য গোপন রাখার কথা বলছেন, তবে তিনি স্বীকার করেছেন যে তার প্রেসিডেন্টের বার্তা নিয়েই তিনি সেখানে যাচ্ছেন৻

কিন্তু এটা পরিষ্কার যে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা ক্ষোভের পর তিনি দেখাতে চাইছেন, সিরিয়ায় সহিংসতা বন্ধ করার জন্যে রাশিয়ার কাছে বিকল্প সমাধান আছে৻

সের্গেই লাবরভ এটা স্পষ্ট করে বলেছেন, রাশিয়া মনে করে সিরিয়ার প্রেসিডেন্টের বিষয়ে সিরিয়ার জনগণই সিদ্ধান্ত নেবে৻ এখানে অন্যান্য দেশের কিছু বলার নেই৻

হমসের পরিস্থিতি

হমস রাজধানীর উত্তরের একটি শহর এবং এটা তৃতীয় বৃহত্তম শহর৻

বড়ো দুটো শহর দামেস্ক ও আলেপ্পোতে আসাদ সরকারের সমর্থকরা সমাবেশ করলেও আরেকটি বড়ো শহর হমসের চিত্র একেবারেই আলাদা৻

ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে হমস শহরে

ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে হমস শহরে

সরকারবিরোধীরা গত দশমাস ধরে যে বিক্ষোভ করছে, তার কেন্দ্র হয়ে উঠেছে এই শহর৻

গত চারদিন ধরেই নিরাপত্তা বাহিনী এই শহরে গোলাবর্ষণ করছে, এতে প্রচুর হতাহত হয়েছে৻

শহরের একজন বাসিন্দা ওমর, বিবিসিকে বলছেন, বাড়ির জানালা থেকে তিনি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন৻

এই প্রেক্ষিতে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ একটি বিবৃতি দেওয়া হয়েছে৻

সেখানে বলা হচ্ছে যে, ফ্রি সিরিয়ান আর্মির সশস্ত্র সদস্যরা এই শহরে সক্রিয় আছে৻ শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের চেষ্টা চলছে এবং বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেকারণেই৻

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে, এই শহর থেকে সকল বন্দুকধারীকে নির্মূল না করা পর্যন্ত নিরাপত্তা বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে৻ তবে তাদের আত্মসমর্পনের সুযোগ এখনও রয়েছে বলে সরকার বলছে৻

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻