
প্রেসিডেন্ট আব্বাস ও খালেদ মেশালের মধ্যে কাতারে এক বৈঠকে নতুন ব্যবস্থা নিয়ে মতৈক্য হয়েছে।
ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বি গোষ্ঠী ফাতাহ ও হামাস ওয়েস্ট ব্যাংক আর গাযায় নির্বাচন আয়োজনের দায়িত্ব প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের হাতে তুলে দিতে একমত হয়েছে।
তাদের মধ্যে মতৈক্য হয়েছে যে মাহমুদ আব্বাস একটি অর্ন্তবর্তী সরকারের নেতৃত্ব দেবেন যে সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঐক্যমতের ভিত্তিতে গঠিত এই অর্ন্তবর্তী সরকারে মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব নেবেন।
প্রেসিডেন্ট আব্বাস ও হামাস নেতা খালেদ মেশালের মধ্যে রোববার কাতারে অনুষ্ঠিত এক বৈঠকে এই ব্যবস্থা সম্পর্কে মতৈক্য হয়।
ফাতাহ-র সঙ্গে এক সংঘাতের ফলশ্রুতিতে হামাস ২০০৭ সালে গাযা ভূখন্ডের নিয়ন্ত্রণ গ্রহণ করে।
হামাস গাযার নিয়ন্ত্রণ নেবার পর ফাতাহ-র রাজনীতিকরা তাদের কর্মকান্ড গুটিয়ে নেন মূলত ওয়েস্ট ব্যাংক এলাকায়।
গত পাঁচ বছরে দুই প্রতিদ্বন্দ্বি গোষ্ঠীর মধ্যে যে তিক্ত বিভক্তি রয়েছে তা অবসানের চেষ্টায় এক আপোষ আলোচনার অংশ হিসাবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে।
সংবাদদাতারা বলছেন নির্বাচন অনুষ্ঠান নিয়ে দুপক্ষের মধ্যে গত বছর এপ্রিল মাসে যে মতৈক্য হয়েছিল তা বাস্তবায়নের পথে প্রধান অন্তরায় ছিল প্রেসিডেন্ট আব্বাসের ভূমিকা।
গত বেশ কয়েকমাস ধরে ফাতাহ এবং হামাস নতুন একজনকে প্রধানমন্ত্রী করার বিষয়ে সিদ্ধান্ত নেবার চেষ্টা চালিয়েছে যিনি হবেন নিরপেক্ষ।
কিন্তু সে ব্যাপারে মতৈক্যে পৌঁছতে ব্যর্থ হবার পর এখন তারা অবশেষে মাহমুদ আব্বাসকেই সেই পদ দিতে যে রাজি হলেন সেটাকে অনেকেই একটা 'জোড়াতালি'-র ব্যবস্থা হিসাবে মনে করছে।
মাহমুদ আব্বাস এখন একই সঙ্গে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
মিঃ আব্বাস ফাতাহ গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন এবং সে কারণে হামাস আগে এধরনের প্রস্তাব প্রত্যাখান করেছিল।
মিঃ আব্বাস বলেছেন দু পক্ষই রাজনৈতিক অখন্ডতার ব্যাপারটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং গাযা ও ওয়েস্ট ব্যাংকে নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি এবছরের শেষ নাগাদ একটি নতুন ঐক্যমতের সরকার গঠন করবেন।










