বিপিএল টি২০ সমস্যা

bpl

বাংলাদেশে নয়ই ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ঢাকার কয়েকটি ক্লাব আপত্তি জানানোর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে, তারা ক্লাবগুলোর সাথে আলোচনা করে এ সমস্যা মিটিয়ে ফেলবে।

এদিকে ক্লাবগুলো হুঁশিয়ারি দিচ্ছে, ঢাকা প্রিমিয়ার লীগ স্থগিত করে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রয়োজনে তারা তাদের খেলোয়ড়দেরকে খেলার অনুমতি দেবে না।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ শুরু হবার মাত্র কয়েকদিন বাকি থাকতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির ঢাকা প্রিমিয়ার লীগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে এ আপত্তির কথা জানালো ঢাকার ক্লাবগুলো।

চুক্তিবদ্ধ

ঢাকার ক্লাবগুলো বলছে, বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের যে খেলোয়াড়রা বিভিন্ন দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, তারা এখনও ঢাকা প্রিমিয়ার লীগে অংশগ্রহনকারী দলগুলোর সাথে চুক্তিবদ্ধ।

ক্লাবগুলোর অভিযোগ, প্রিমিয়ার লীগ স্থগিত করে এই খেলোয়াড়দেরকে বিপিএলে খেলানো হলেও ক্লাবগুলোর সাথে এ বিষয়ে কোন আলোচনা করেনি বিসিবি।

এনিয়ে ক্লাবগুলো একটি কমিটিও গঠন করেছে। এই কমিটির আহ্বায়ক, ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট মন্জুর কাদের বলছিলেন, এ টুর্নামেন্টে খেলার জন্য তাদের খেলোয়াড়দেরকে তারা অনুমতি নাও দিতে পারেন।

তিনি বলেন, "জাতীয় টুর্নামেন্টকে গুরুত্ব না দিয়ে তারা ক্লাবগুলোর খেলোয়াড়দের নিয়ে বিপিএল টুর্নামেন্ট করছেন। আমাদের সাথে আলোচনার সৌজন্যতাও তারা দেখাননি।

‘‘তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজনে আমাদের খেলোয়াড়দের বিপিএলে খেলার অনুমতি দেব না।"

চড়া দাম

বিপিএলের জন্য নিলামের মাধ্যমে অংশগ্রহনকারী ছয়টি দল বড় অংকের অর্থ খরচ করে তাদের পছন্দের খেলোয়াড়দের কিনে নেয়।

কিন্তু এ খেলোয়াড়দের অনেকেই মৌসুমের শুরুতে ঢাকার বিভিন্ন ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

মি: কাদের বলছেন তারা ছাড়পত্র না দিলে তাদের সাথে চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা বিপিএলে খেলতে পারবেন না।

এদিকে বিষয়টি নিয়ে সিদ্ধান্তের জন্য বিসিবি শুক্রবার একটি সভা করে।

অনুশীলন শুরু

বিসিবির মুখপাত্র জালাল ইউনুস বলছেন, বিপিএলের সময় জাতীয় ক্রিকেট লীগ বন্ধ রাখার সিদ্ধান্ত আগে থেকেই ছিল। তবে বিসিবি ক্লাবগুলোর সাথে আলোচনা করে বিষয়টির সমাধান করবে।

মি. ইউনুস বলেন, "জাতীয় খেলা বা বোর্ডের অধীনে খেলা হলে খেলোয়াড়রা বোর্ডের ডাকে সাড়া দিতে বাধ্য। কারণ তারা বোর্ডের কাছেই নিবন্ধিত, ক্লাবের কাছে নয়।

‘‘তবুও আমরা ক্লাবগুলোর কথা গুরুত্বের সাথে নিয়েছি এবং তাদের সাথে আলোচনা করে আমরা সমস্যা মিটিয়ে ফেলব। এতে বিপিএল অনুষ্ঠানে কোন বাধা হবে না।"

তবে মোহামেডান এবং আবাহনী ক্লাব বিপিএল নিয়ে কোন আপত্তি জানায়নি।

এদিকে বিপিএল টুর্নামেন্ট নিয়ে ক্লাব এবং বিসিবি একটি মুখোমুখি অব্স্থানে থাকলেও বিপিএলের দলগুলো আজ থেকে অনুশীলন শুরু করেছে।

আজ ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করে ঢাকা গ্ল্যাডিয়েটরস দলটি।

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻