সিরিয়াতে সহিংসতা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি খসড়া প্রস্তাবের বিষয়ে আলোচনায় বসেছে।
এই খসড়ায় আরব লিগের শান্তি পরিকল্পনার অংশ হিসাবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা হস্তান্তরের আহ্বান রয়েছে।
রাশিয়া নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবনার ভিটো দিতে পারে বলে দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ইংগিত দিয়েছেন।
এদিকে সিরিয়াতে আরব লীগের পর্যবেক্ষক মিশনের কমান্ডার বলেছেন দেশটিতে মঙ্গলবারের পর থেকে সহিংসতার মাত্রা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
জেনারেল মোহাম্মদ আহমেদ আল-দাবি বলেন সহিংসতার বৃদ্ধির কারনে সংলাপ শুরু করা কঠিন হয়ে পড়তে পারে।

সিরিয়ার আন্দোলনকারীরা বলছে গত দুই দিনে অন্তত ১৩৫ জন মানুষ নিহত হয়েছে।
সরকারি বাহিনী হামা শহরে একটি বড় আকারের আক্রমণ চালিয়েছে বলে জানা গেছে।
এছাড়া অপেক্ষাকৃত নীরব শহর আলেপ্পোতেও পাঁচ জন নিহত হয়েছে।
গত বছর মার্চ মাসে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হবার পর থেকে এপর্যন্ত ৫৪০০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এরকম সহিংসতার পটভূমিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি খসড়া প্রস্তাবনার বিষয়ে আলাপে বসেছে।
মরোক্কো আরব দেশের হয়ে এই খসড়া উপস্থাপন করে।
ইউরোপীয় দেশগুলো প্রস্তাবনায় রাশিয়ার ভিটো এড়ানোর জন্য আরব দেশগুলোর পক্ষ থেকে যতটা সম্ভব শক্ত উদ্যোগের আহবান জানিয়েছে।
অক্টোবর মাসে অপর আর এক প্রস্তাবনায় ভিটো দেয় রাশিয়া এবং চীন।
মধ্যপ্রাচ্যে রাশিয়ার একমাত্র ঘাটি রয়েছে সিরিয়ার তার্তুস বন্দরে।
রাশিয়া সিরিয়ার সর্ব বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ।











