
পুলিশ বলছে, সংঘাতের আশঙ্কায় রাজধানীতে সমাবেশের ওপর এই নিষেধাজ্ঞা
বাংলাদেশের রাজধানী ঢাকার পুলিশ রোববার সব ধরনের রাজনৈতিক সভা ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার পর প্রধান বিরোধী দল বিএনপি তাদের গণমিছিল কর্মসূচি একদিন পিছিয়ে দিয়েছে৻
দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে শনিবার রাতে জাতীয় স্থায়ী কমিটির জরুরী এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়৻
তবে বৈঠকের পর বলা হয়েছে, ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় শহরগুলোতে পরিস্থিতি বুঝে মিছিল কর্মসূচি পালন করা হবে৻
একই দিনে বিএনপির গণমিছিল ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমাবেশ কর্মসূচির কারণে শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মহানগর পুলিশ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে৻
স্থায়ী কমিটির নতুন এই সিদ্ধান্ত অনুসারে রাজধানী ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী সোমবার৻
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাস করে৻
মি. খান বলেন, ঢাকার বাইরে বিএনপির কর্মসূচি বানচাল করতে খুলনায় মাইকিং করে, চট্টগ্রামে চিঠি দিয়ে এবং সিলেটে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন৻
সরকারের পুলিশ বাহিনী একটা সুযোগ নিয়ে, অজুহাত নিয়ে, ছুতা নিয়ে এই কর্মসূচিকে নিষিদ্ধ ঘোষণা করেছে৻ গণতান্ত্রিক একটি রাষ্ট্রে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপি
প্রধান বিরোধী দল বিএনপির পূর্বঘোষিত গণমিছিলকে সামনে রেখে সরকারি দল আওয়ামী লীগ একই দিনে পাল্টা কর্মসূচি দিলে পুলিশ ঢাকায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, সভা ও মিছিলের মতো কর্মসূচি নিষ্দ্ধি করেছে৻
ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার দুপুরে একথা জানানো হয়৻
পুলিশ বলছে, দুটি দল একই দিনে কর্মসূচি দেওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৻
এ মাসের শুরুতে চট্টগ্রামের জনসভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবীতে ২৯শে জানুয়ারি সারাদেশে গণমিছিল ও ১২ই মার্চ ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেন৻
এদিকে, ঢাকা মহানগর আওয়ামী লীগ গত সপ্তাহে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৯শে জানুয়ারি জনসভা করার কথা ঘোষণা করে৻
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে তাদের নির্ধারিত কর্মসূচির দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমাবেশ ডেকে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে৻
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশের এই সিদ্ধান্ত সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিপ্রকাশ৻
‘সরকারের পুলিশ বাহিনী একটা সুযোগ নিয়ে, অজুহাত নিয়ে, ছুতা নিয়ে এই কর্মসূচিকে নিষিদ্ধ ঘোষণা করেছে৻ গণতান্ত্রিক একটি রাষ্ট্রে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়,‘ বলেন তিনি৻
বিএনপির কর্মসূচি বানচাল করতে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে এই অভিযোগ নাকচ করে দিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ৻
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে তাদের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই সমাবেশ ডাকা হয়েছিল৻
পুলিশের নিষেধাজ্ঞার কারণে আওয়ামী লীগও তাদের রোববারের জনসভা স্থগিত করেছে৻











