BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 22 ডিসেম্বর, 2008 - প্রকাশের সময় 20:32 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
দিনাজপুরে প্রচারে চাপ ফেলছে ধর্ম
 

 
 
Voters in Bangladesh
ধর্মীয় বিষয় নির্বাচনী প্রচারে আনা নিষিদ্ধ হলেও তা ছাপ ফেলে অনেক ক্ষেত্রেই

উত্তরবঙ্গের দিনাজপুরে এবারে সবচেয়ে নজরকাড়া আসন দিনাজপুর-১, যার মধ্যে রয়েছে বীরগঞ্জ ও কাহারোল উপজেলা – এবং সেখানে নির্বাচনী প্রচারনায় ধর্মীয় বিষয় বেশ ভালরকমই ছাপ ফেলছে বলে অভিযোগ৻

এই আসনটিতে মূল লড়াই আওয়ামী লীগের মনোরঞ্জন শীল গোপালের সঙ্গে চার দলীয় জোটের প্রার্থী, জামায়াত-ই-ইসলামীর নেতা মাওলানা মোহাম্মদ হানিফের৻ ২০০১ সালের নির্বাচনে জামায়াত-ই-ইসলামী এই আসনটিতে জিতলেও চার বছর পর তাঁদের সংসদ সদস্যের মৃত্যুর পর যখন এখানে উপনির্বাচন হয়, তখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেই ভোটে জিতে অনেককেই চমকে দিয়েছিলেন মনোরঞ্জন শীল গোপাল৻ পরে তিনি যোগ দেন আওয়ামী লীগে, এবং এবারেও সেই দল থেকেই তিনি মনোনয়ন পেয়েছেন৻

শীতের কুয়াশা-মোড়া কাহারোলের একটি বাজারে গিয়ে কথা বলে দেখেছি, মানুষজন বলছেন নির্বাচনী প্রচারে ধর্ম এবার খুবই প্রাধান্য পাচ্ছে৻ জামায়াত প্রার্থীর প্রতি ইঙ্গিত করে তাঁরা বলছিলেন, বিভিন্ন মাহফিলের আয়োজন করে তারা সেখানে নানা ধর্মীয় বিষয়ের অবতারণা করছেন৻ কেউ আবার বলছিলেন, হিন্দু একজন প্রার্থী জিতে এলে হাত তুলে দোয়া পর্যন্ত করা যাবে না – এমনও প্রচার চলছে৻

একই কথা আরও খোলাখুলি বললেন এই আসনে কমিউনিস্ট পার্টির প্রার্থী মহম্মদ আলতাফ হোসেইন৻ তিনি জানালেন, জামায়াত প্রচার করছে হিন্দু প্রার্থীর বিরুদ্ধে সব মুসলিম ভোট এককাট্টা হলে দাঁড়িপাল্লা প্রতীকের জয় নিশ্চিত৻ আর কমিউনিস্ট পার্টিকে তাঁরা নাকি ‘খ্রীষ্টানদের দল` বলে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে !

এই সব অভিযোগই অবশ্য ফুৎকারে উড়িয়ে দিলেন জামায়াতের প্রার্থী ও দলের ডাকসাইটে নেতা মাওলানা মহম্মদ হানিফ৻ তাঁর সাফ কথা, হিন্দু-মুসলমান কোনও ইস্যুই নয় ; কারণ যিনি স্রষ্টা মুসলমানেরও, তিনি স্রষ্টা হিন্দুরও৻ আর যেহেতু ‘সেই আল্লার পক্ষ থেকে` তিনি প্রতিনিধিত্ব করছেন, সেই হেতু গোপালের চেয়ে প্রার্থী হিসেবে তিনি অনেক বেশি গ্রহণযোগ্য – দাবি মি: হানিফের !

তাহলে গত উপনির্বাচনে জামায়াত প্রার্থী এই আসনে কীভাবে পরাজিত হয়েছিলেন ? মি: হানিফ তার জবাবে বলছেন – মরহুম আবদুল্লা আল কাফি, যিনি ২০০১-য়ে এই আসন থেকে জিতেছিলেন তিনি অনেক ভাল কাজ করলেও তাঁর বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতিরও অভিযোগ ছিল৻ তিনি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন, মানুষ সেবার সেই দুর্নীতির বিরুদ্ধেই রায় দিয়েছিলেন৻

দিনাজপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল অবশ্য এসব কোনও কিছু নিয়েই বিচলিত নন – বরং এবারেও তাঁর জয় নিয়ে তিনি নিশ্চিত৻ তিনি বলছেন, ২০০৫-র উপনির্বাচনে ‘সমস্ত সরকারি সুবিধা ব্যবহার করেও` জামায়াত প্রার্থী ৪৮ হাজারের বেশি ভোট পাননি – অথচ সেই জায়গায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ভোট পেয়েছিলেন ১ লক্ষ ১৩ হাজার৻ সুতরাং এবার তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ প্রশাসনের আমলে বিপুল ভোটে জেতা নিয়ে তাঁর অন্তত কোনও সংশয় নেই!

(উপরে উল্লিখিত তিনজন প্রার্থী ছাড়াও দিনাজপুর-১ আসনে লড়াইয়ে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জামাল উদ্দিনও ৻)

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি