|
বাংলাদেশ সংলাপ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশ সংলাপের তৃতীয় অনুষ্ঠান ময়মনসিংহে বিবিসি আয়োজিত বাংলাদেশ সংলাপের তৃতীয় অনুষ্ঠানে প্যানেল সদস্য হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, বর্তমান সংসদের আওয়ামী লীগ দলীয় সদস্য অ্যাডভোকেট প্রমোদ মানকিন, জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ও একই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোঃ আমিরুল ইসলাম৻ ময়মনসিংহ শহরের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন কামাল আহমেদ৻ গণতান্ত্রিক রাষ্ট্রে আইন শৃংখলা রক্ষার অজুহাতে জাতীয় সংসদ সদস্যদের ওপর পুলিশী প্রহারের যৌক্তিকতা সম্পর্কে ময়মনসিংহের গফরগাঁওয়ের শিক্ষক শফিউর রহমান সেলিমের প্রশ্নের জবাবে রওশন এরশাদ একে দুঃখ জনক ঘটনা বলে উল্লেখ করে বলেন এধরনের ঘটনা ঘটা উচিত ছিল না৻ প্রফেসার আমিরুল ইসলাম পুলিশ প্রশাসনকে ভবিষ্যতে আরো যত্নবান হবার আহ্বান জানান৻ আওয়ামী লীগ সদস্য প্রমোদ মানকিন বলেন জাতীয় সংসদ সদস্যরা নিজেদের পরিচয় দেয়ার পরেও পুলিশের কাছ থেকে এমন আচরণ তাদের প্রাপ্য নয়৻ সরকারের সাবেক মন্ত্রী এ কে এম মোশারফ হোসেন বলেন, পুলিশ ইটপাটকেলের আক্রমণের মুখে হয়তো বাছবিচার না করেই মারধোর করেছে, যদিও এ ঘটনাকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন৻ এ প্রসঙ্গে ইটপাটকেলের আঘাতে এক পুলিশের মৃত্যুর কথাও সবাইকে মনে করিয়ে দেন তিনি৻
শ্রোতাদর্শকরা এ প্রসঙ্গে মন্তব্য করে বলেন সেদিন যাদের পুলিশ পিটিয়েছে তাদের চিনতে না পারার কোন কারণ নেই৻ পুলিশী এই পদক্ষেপের পেছনে অবশ্যই কোন কারণ আছে বলে এক শ্রোতা সন্দেহ প্রকাশ করেন৻ প্রশ্নকর্তা এ প্রসঙ্গে মন্তব্য করেন দেশে যারা আইন প্রণয়ন করেন, তাদের এভাবে লাঠিপেটা করা তাঁর মতে কোনভাবেই যুক্তিগ্রাহ্য নয়৻ একদল ক্ষমতায় গেলে সেসময় অন্যদলের নেতাকর্মীদের পিটুনি খেতে হয় এ ধারা বন্ধ হওয়া উচিত বলে শ্রোতারা মন্তব্য করেন৻ এ কে এম মোশাররফ হোসেন বলেন, উত্তেজিত জনতাকে সামলাতে পুলিশ লাঠি চালিয়েছিল আর ফলে সেখানে উপস্থিত সংসদ সদস্যরাও লাঠিচার্জের শিকার হয়েছেন বলে তিনি মতপ্রকাশ করেন৻ বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা ময়মনসিংহের শ্যামনগর ইউনিয়নের একজন কৃষক, মোঃ আব্দুল কুদ্দুস তালুকদারের এই প্রশ্নে প্রফেসার ইসলাম বলেন সংবিধানসম্মতভাবে নির্বাচন কমিশন হয়ে থাকলে, তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব৻ প্রশ্নকর্তা এব্যাপারে দ্বিমত পোষন করে বলেন, সংবিধান অনুযায়ী কমিশন গঠিত হলেও যদি কমিশন প্রধান সেই সংবিধানের মান-ইজ্জত রক্ষা না করতে পারেন তাহলে তার দ্বারা সুষ্ঠ নির্বাচন হবে না বলেই তাঁর মত৻ আর একজন শ্রোতা প্রশ্ন তোলেন অন্যান্য রাষ্ট্রে কারো কাজ নিয়ে প্রশ্ন উঠলে তিনি পদত্যাগ করেন, বাংলাদেশে এমনটা কেন হয় না? মি: প্রমোদ মানকিন বলেন প্রধান নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ৻ তিনি বলেন সিইসি তার স্বাভাবিক কাজ করবেন জাতি এটিই আশা করে৻ তবে, যারা ভোটার লিস্ট তৈরীর সময়ই বিতর্কের জন্ম দেয় তাদের দিয়ে নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলেই তিনি মত প্রকাশ করেন৻ রওশন এরশাদ অবশ্য মনে করেন, আগের নিয়মেই সরকার সিইসিকে নিয়োগ করেছে৻ তাঁর মতে এই নিয়োগ সঠিক হয়েছে এবং জনগন ও রাজনৈতিক দলগুলো এক হয়ে নির্বাচন করতে চাইলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব৻ রওশন এরশাদের সাথে একমত পোষন করে মিঃ মোশাররফ হোসেন বলেন নির্বাচন সিইসি একা করেন না, যদি শান্তিপূর্ণ পরিবেশে জনগন ভোট দিতে পারে তবেই অবাধ নির্বাচন হবে৻
ময়মনসিংহের গৌরীপুরের ইকবাল হোসেনের প্রশ্ন ছিলো, নির্বাচন পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রশ্নে সম্প্রতি প্রধানমন্ত্রী মহা-সচিব পর্যায়ে যে আলোচনার প্রস্তাব দিয়েছেন সে প্রস্তাব আরো আগে কেন দেয়া হয় নি? মিঃ মোশাররফ হোসেন বলেন প্রধানমন্ত্রীর অনেক আগেই এ প্রস্তাব দিয়েছিলেন বিএনপি মহাসচিব। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে এর আগে তিনটি নির্বাচন হয়েছে, তারপরেও যদি এখন সংস্কারের প্রয়োজন হয়, তাহলে রওশন এরশাদ বলেন সবাই মিলে বসে আলোচনার মাধ্যমেই তা করা উচিত। আওয়ামী লীগ - বিএনপি ছাড়াও আরো অনেক দল রয়েছে, তাদের সবার সাথেই বিষয়টি নিয়ে আলোচনা করলে ভালো হয়, এবং তিনি বলেন এখনও আলোচনার সময় আছে। প্রফেসর ইসলাম বলেন বিতর্কের খাতিরে বিতর্কে না গিয়ে এখন যত দ্রুত সম্ভব সংলাপ শুরু করা উচিত। মিঃ মানকিন বলেন, প্রথম থেকেই বিরোধীদল আলোচনায় বসতে চাইছে। আন্তরিক আমন্ত্রণ পেলে বিরোধী দল তাতে অবশ্যই সাড়া দেবে বলে তিনি মন্তব্য করেন৻ তবে, সন্ত্রাস ও বখাটে যুবকদের অত্যাচারে অতিষ্ঠ কিশোরী এবং নারীদের অপমৃত্যু না ঘটা পর্যন্ত আইনের সহযোগিতা পাওয়া যায় না কেন - জামালপুরের মাদারগঞ্জের কামরুন নাহার শিলার এ প্রশ্নের জবারে মি: মানকিন বলেন ইভ টিজিংয়ের মত অপরাধের প্রবনতা যেহেতু বাড়ছে তাই আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এব্যাপারে আরো কঠোর হওয়া উচিত। প্রফেসর ইসলাম বলেন এলাকার মানুষ এব্যাপারে এগিয়ে না আসলে বখাটেদের উৎপাত কোনভাবেই দমন করা যাবে না৻ শুধু আইন করেও এটি প্রতিরোধ করা যাবে না। রওশন এরশাদও মনে করেন এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার৻ মি: হোসেনও এ ব্যাপারে সামাজিক দায়িত্বের ওপর গুরুত্ব দেন৻
ময়মনসিংহের বেশ কটি সিনেমা হলে বোমা হামলা মামলার চার্জশীট এই সরকারের আমলে দেয়া হবে কি না জানতে চান ময়মনসিংহের আর এক ছাত্রী উম্মে মুর্শিদা৻ মামলার অগ্রগতি সম্বন্ধে তার অজ্ঞতা প্রকাশ করে মোশাররফ হোসেন বলেন নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। অ্যাডভোকেট মি: মানকিন বলেন যখন আসামী সনাক্ত করা গেছে এবং সে স্বীকারও করেছে, তখন চার্জশীট দিতে বাধা থাকার কথা নয়৻ এই বিলম্বের জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন সরকার কাল্পনিক কিছু কথা বলে অপরাধীদের আড়াল করছে, ফলে এই সরকারের কাছ থেকে অপরাধের বিচার আশা করা যায় না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেন রওশন এরশাদ৻ ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৯৪৫০ জন। উচ্চ শিক্ষায় এদের জন্য যথেষ্ট আসন আছে কিনা ময়মনসিংহের শিক্ষিকা মাহবুব বিলকিসের এ প্রশ্নের জবাবে প্রফেসর ইসলাম বলেন বিশ্ববিদ্যালয়গুলোতে এখন পর্যন্ত যে পরিমাণ আসন আছে তাতে হয়তো জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের আসন সংকুলান হয়ে যাবে, কিন্তু যারা এর চেয়ে কম পেয়েছে তারা কোথায় যাবে। যদিও বলা হয় উচ্চশিক্ষা সবার জন্য, কিন্তু বাংলাদেশের মতো গরীব দেশের বাস্তবতায় সবার জন্য এ সুবিধা দেয়া সম্ভব নয় বলেই তিনি মত প্রকাশ করেন৻ মি: মানকিন অভিযোগ করেন শিক্ষাকে নিয়ে রাজনীতির কারণে এধরণের সমস্যা তৈরী হচ্ছে। রওশন এরশাদ যদিও বলেন, দেশে জনসংখ্যার অনুপাতে শিক্ষার ভালো অবকাঠামো এখনো গড়ে ওঠেনি, কিন্তু মিঃ হোসেন তা নাকচ করে দিয়ে বলেন নকল বন্ধে সরকারী সাফল্যের কারণে এবার শিক্ষার্থীরা ভালোভাবে পড়ালেখা করতে বাধ্য হয়েছে। তার মতে যুগের প্রয়োজনেই এখন তাই ভালো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় হবে এবং জিপিএ ৫ পাওয়া ছাত্র-ছাত্রী সহ অন্য সবার উচ্চ শিক্ষা পাবার ক্ষেত্রে খুব একটা সমস্য হবে না বলেই তিনি মন্তব্য করেন। জামালপুরের মাদারগঞ্জ থেকে আসা রাশেদুল হাসান জানতে চান সরকারী চাকরীতে প্রতিবন্ধীদের জন্য কোটা থাকলেও তা কতটুকু কার্যকর? প্রতিবন্ধীদের জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি দিয়ে সরকারী চাকরীতে নিয়োগ দেয়া যায় কি না? এ প্রশ্নে প্যানেলিস্টদের সবাই নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়ার জন্য ব্যবস্থাগ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেন। ব্যবসায়ী এবং গডফাদারদের মনোনয়ন দিয়ে নির্বাচিত করলে রাষ্ট্র পরিচালনায় তারা কতটুকু ভুমিকা রাখতে পারবেন -কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার ছাত্র, এম এ আমিন গোলাপের এই প্রশ্নে শ্রোতাদর্শকরা মন্তব্য করেন ব্যবসায়ী ও গডফাদাররা একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে নির্বাচনে আসে। তারা মুনাফা করতে চায়, তাই নির্বাচনকেও তারা মুনাফার জন্যই ব্যবহার করে। তারা বলেন এমন মানুষরা আইন প্রণয়নের জন্য সংসদে গেলে, তাদের কাছ থেকে ভালো কোন আইন আশা করা যায় না। ব্যবসায়ীরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে করুক, তবে গডফাদারা নির্বাচিত হলে তা দেশের জন্য হুমকী হবে বলে মন্তব্য করেন রওশন এরশাদ৻ মি: মানকিন বলেন নির্বাচনের আগেই এমন ব্যবস্থা থাকা উচিত যাতে এমন লোকেরা মনোনয়ন না পায়। মি: মোশাররফ হোসেন বলেন তার গডফাদারের কোনো সংজ্ঞা তাঁর জানা নেই৻ যদি এর অর্থ সন্ত্রাসী হয়ে থাকে তবে জনগণের উচিত তাদের ভোট না দেয়া। মি. ইসলাম মতপ্রকাশ করেন দলীয় মনোনয়ন দেয়ার আগে দলের উচিত প্রার্থীর কার্যক্রম ভালোভাবে নজরে রাখা। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে সতেরই সেপ্টেম্বর বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশনে৻ | স্থানীয় লিংকস্ নতুন আঙ্গিকে বাংলাদেশ সংলাপ14 সেপ্টেম্বর, 2006 | বিশেষ আয়োজন বাংলাদেশ সংলাপ-কোথায়, কখন?04 সেপ্টেম্বর, 2006 | Lei | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||