গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তি সেবা

বাংলাদেশের কিছু গ্রামে এখন দেখা যায় অন্যরকম এক দৃশ্য৻ সাইকেল চালিয়ে একটি তরুণী যাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি, তাঁর সাথে ল্যাপটপ কম্পিউটার বা নেটবুক৻

তিনি ইন্টারনেট ব্যবহার ক‘রে স্বাস্থ্যসেবা দিচ্ছেন, কখনো গ্রামের মেয়েদের বা ছোট ছোট স্কুলের ছেলেমেয়েদের শেখাচ্ছেন কিভাবে ব্যবহার করতে হয় কম্পিউটার৻ এদের নাম দেয়া হয়েছে ‘ইনফো-লেডি‘ বা ‘তথ্য-কল্যাণী ‘৻ তথ্যপ্রযুক্তি-ভিত্তিক সেবাকে তারা নিয়ে যাচ্ছেন সরাসরি গ্রামীণ জনগণের দোরগোড়ায়৻

সাইকেল, ল্যাপটপ আর চিকিৎসা যন্ত্রপাতি নিয়ে তথ্য-কল্যাণীরা গ্রামে ঘুরে ঘুরে লোকজনকে দিচ্ছেন ইন্টারনেট-ভিত্তিক নানা রকম সেবা৻

এই ভ্রাম্যমান তথ্যপ্রযুক্তি কর্মীদের একজন হলেন সুমনা আখতার লাবণি৻ গাইবান্ধার সাঘাটা উপজেলার দু‘টি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামে দু‘বছর ধরে তথ্যপ্রযুক্তির সেবা দিচ্ছেন তিনি৻

কীধরণের সেবা দিচ্ছেন তথ্য-কল্যাণীরা

গ্রামের পথে তথ্য-কল্যাণী

গ্রামের পথে `তথ্য-কল্যাণী` সুমনা আখতার লাবণি

গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী দেয়া, ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য-সেবা তথ্য বা চিকিৎসকদের পরামর্শ দেয়া, এমনকি মানবাধিকার সংক্রান্ত তথ্য-পরামর্শ দেয়া, এগুলোর সবকিছুই পড়ে তাঁর কাজের মধ্যে৻

তারা এ কাজের জন্য প্রশিক্ষণ এবং অন্যান্য সহায়তা পেয়ে থাকেন ডি-নেট নামে একটি বেসরকারি সংস্থার কাছ থেকে৻

তথ্য-কল্যাণীরা ইন্টারনেট থেকে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দেয়া ছাড়াও অফলাইন সামগ্রী হিসেবে ডি-নেটের তৈরি করা চিকিৎসা-সেবা সংক্রান্ত সিডি বা ডিভিডি ব্যবহার করেন৻

একজন ডিগ্রিধারী চিকিৎসক না হয়েও তিনি অর্জন করেছেন স্থানীয় লোকদের, বিশেষত মহিলাদের আস্থা৻ সুমনা আখতার লাবণি বলছেন, মহিলারা তাঁর সাথে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নিঃসংকোচে কথা বলতে পারেন, যা তারা একজন পুরুষ ডাক্তারের সাথে পারেন না৻

গ্রামীণ মহিলাদের আস্থাভাজন তথ্য-কল্যাণীরা

গ্রামীণ মহিলাদের আস্থাভাজন তথ্য-কল্যাণীরা

স্বাস্থ্য সেবা ছাড়াও এই তথ্য-কল্যাণীরা কম্পিউটার আর ইন্টারনেটকে নিয়ে যাচ্ছেন শিশু আর কিশোর কিশোরীদের কাছেও৻

তাদের কাছ থেকে স্কুল পড়ুয়া শিশুরা শিক্ষামূলক কম্পিউটার গেম-এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারছে৻ গ্রামের কিশোর-কিশোরীরা জানছে কিভাবে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করতে হয়৻

কত মানুষ এই সেবার আওতায়

কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের জীবনে সূদুরপ্রসারী পরিবর্তন আনা সম্ভব৻

অনন্য রায়হান

তথ্য কল্যাণীদের সেবা পাচ্ছেন বাংলাদেশের ৩৬টি ইউনিয়নের ৮০ হাজার মানুষ৻ তাদের প্রশিক্ষণ-দানকারী বেসরকারি প্রতিষ্ঠান ডি-নেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্য রায়হান বলছেন, জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অনেকগুলোই নারীদের বিষয়ে, এবং এই লক্ষ্যমাত্রাগুলো অর্জনের ক্ষেত্রে এবং নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে এই ইনফো-লেডিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে৻

অনন্য রায়হান, ডি-নেট

অনন্য রায়হান, ডি-নেট

অনন্য রায়হান আরো বলেন যে তাঁরা এই সেবা আরো সম্প্রসারিত করার পরিকল্পনা করছেন, এবং কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের জীবনে সূদুরপ্রসারী পরিবর্তন আনা সম্ভব৻

তাছাড়া প্রত্যন্ত প্রামের মানুষদের কাছেও এরা ইন্টারনেট-ভিত্তিক সেবা পৌঁছে দিতে পারবেন এবং তথ্য প্রযুক্তির সাথে পরিচিত করে তুলতে পারবেন বলে তিনি জানান৻

অল্প কয়েকবছর আগেও যেখানে গ্রামীণ জনগণের কাছে কম্পিউটার জিনিষটাই ছিল সম্পূর্ণ অজানা, এখন সেই মানুষদের জন্য তথ্য-কল্যাণীরা খুলে দিচ্ছেন প্রযুক্তি জগতের নতুন নতুন জানালা৻

এই রিপোর্ট সম্পর্কে মতামত দিন:

যোগাযোগ করুন

* এই ঘরগুলি অবশ্যই পূরণ করতে হবে

ক্যারেকটার: 0

এই অনুরোধটি রক্ষা করতে একমাত্র আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হবে.

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

bbc.co.uk navigation

BBC © 2012 বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻